কিশোরগঞ্জের হাওরে নিখোঁজ পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে হোসাইন হিমেল (২৮) নামে এই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় বলে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজার গিফারী জানান।
হিমেল মিঠামইন পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরহাসান গ্রামের নূর মোহাম্মদের ছেলে তিনি।
স্টেশন কর্মকর্তা আবুজার গিফারী জানান, সোমবার বিকেলে অষ্টগ্রামের ভাতশালা সেতুর কাছে ঝাঁকিজাল নিয়ে মাছ ধরতে যান হিমেল। সেখান থেকে নিখোঁজ হন তিনি। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ওই এলাকারই ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম ‘অল ওয়েদার সড়কের’ একটি বক্স কালভার্টের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে নিখোঁজের খবর পেয়ে চার সদস্যের ডুবুরিদল তাকে উদ্ধারে অভিযান শুরু করে।
মিঠামইন পল্লী বিদ্যুৎ সমিতির নিরাপত্তাকর্মী ভূপতিচন্দ্র দাস জানান, “হিমেল মাছ ধরার সময় পা পিছলে পড়ে যান বলে শুনেছি।”
তবে এ বিষয়ে বিস্তারিত বলতে পারেননি ভূপতিচন্দ্র।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানিয়েছেন মিঠামইন থানার ওসি কলিন্দ্রনাথ গোলদার।
