২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন আরও ৪৫০ জন

ফরিদপুরের নয় উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের সুবিধা পেতে যাচ্ছেন আরও ৪৫৩ গৃহহীন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2022, 03:00 PM

Updated : 25 Oct 2022, 10:58 AM

বৃহস্পতিবার আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে তৃতীয় পর্যায়ে সারা দেশে গৃহহীনদের মাঝে কবুলিয়ত, জমির খতিয়ান, গৃহ প্রদানের সনদসহ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এদিন ফরিদপুরের ৪৫৩ জনও তাদের ঘর আনুষ্ঠানিকভাবে বুঝে পাবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, তৃতীয় পর্যায়ের দুই শতাংশ জমি ছাড়াও প্রতিটি গৃহ নির্মাণে জন্য সরকারি অর্থ বরাদ্দ ছিল দুই লাখ ৫৯ হাজার টাকা।

ফরিদপুরে এরই মধ্যে চার হাজার ৭৫৬ হতদরিদ্র, গৃহহীন পরিবার তাদের নিজস্ব আবাসনের সুবিধা পেয়েছেন। এখন তাদের সময় বদলেছে-পরিবর্তন হচ্ছে যাপিত জীবনের। স্বপ্ন দেখছেন আর্থ-সামাজিক উন্নয়নের।

সরেজমিনে সালথা ও নগরকান্দা উপজেলায় গিয়ে দেখা যায়, আশ্রয়ণ প্রকল্পের বসতিরা বাস করছেন রঙিন টিন আর পাকা দেয়ালের আধাপাকা বাড়িতে। সেখানেই করছেন শাক-সবজির আবাদ। কেউবা হাঁস-মুরগি, ছাগল-গরু পালন করছেন। সন্তানদের পাঠাচ্ছেন স্কুলে।

বসবাসের জন্য সরকারের দেওয়া এই সুবিধাটি পেয়ে খুশি আশ্রয়হীন মানুষগুলো। বসতির দুঃশ্চিন্তা ছেড়ে নিশ্চিন্ত মনে কাজ করে এগিয়ে নিচ্ছেন সংসার। ফলে সংসারে এসেছে অর্থনৈতিক স্বচ্ছলতা।

সালথা উপজেলার বড়লক্ষণদিয়া এলাকার আশ্রয়ণের বাসিন্দা আরজিনা বেগম বলেন, “নিজের ঠিকানা পেয়েছি, আগে থাকার জায়গা ছিল না, বাসা ভাড়া করে জীবন চলত। সন্তানদের স্কুলে পাঠাব ভাবতে পারিনি। এখন বাচ্চাদের স্কুলে পাঠাতে পারছি, নিজেরা হাঁস-মুরগি পালনসহ নানা কাজের সুযোগ পেয়েছি, সত্যই এটা স্বপ্নের।“

একই কথা জানালেন নগরকান্দার মাঝিকান্দা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আসমা পারভিন। তিনি বলেন, তিনি ও তার স্বামী ঢাকায় তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। যে বেতন পেতেন তা দিয়ে বাসা ভাড়া, সংসার খরচ করে কিছুই থাকত না।

“এখন এখানে ঘর পেয়েছি। স্বামী কৃষিকাজ করেন, আমি হাঁস-মুরগি পালন করছি। মাস শেষে কিছু টাকা জমা করতে পারছি। একটি ছেলে, তাকে স্কুলে ভর্তি করব। এখন বেশ ভাল আছি।”

সালথার ইউএনও তাসলিমা আকতার ও নগরকান্দার ইউএনও ইমাম আল রাজি টুলু জানালেন, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা তাদের জীবনমান উন্নয়নে নিজেরাই এগিয়ে এসেছে, উপজেলা প্রশাসন সরকারের পক্ষ থেকে তাদের সহযোগিতা করছে।

আশ্রয়ণ প্রকল্পের বরাদ্দ ও কাজের আগ্রগতির বিষয়ে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘এটা সরকারের একটি উদ্ভাবনী উদ্যোগ। এরই মধ্যে জেলার আশ্রয়ণ প্রকল্পের ৯৫ শতাংশ ঘর নির্মাণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “পদ্মা সেতুতে যেমন দেশ এগিয়ে যাচ্ছে, তেমনি এই আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন, হতদরিদ্ররা তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করছেন।”