২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ধর্ষণের অভিযোগে রাজমিস্ত্রির যাবজ্জীবন

ফেনীর দাগনভুঁঞা উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের মামলায় মো. রাজু ইসলাম নামের এক রাজমিস্ত্রিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2022, 09:47 AM

Updated : 22 Jul 2022, 03:59 AM

সোমবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ ওসমান হায়দার তিন বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত রাজু ফেনীর দাগনভূঁঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের কেরোনিয়া গ্রামের আবুল কালামের ছেলে।

যাবজ্জীবনের পাশাপাশি বিচারক তাকে দুই লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফেজ আহম্মদ জানান। তবে রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না।

মামলার বিবরণে বলা হয়, রাজু ১৫ বছর বয়সী ওই কিশোরীর বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতেন। ২০১৯ সালের ১ জুন রাতে রাজু মেয়েটিকে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় পরদিন মেয়েটির বাবা বাদী হয়ে রাজুকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দাগনভূঁঞা থানায় মামলা করেন।

পরে পুলিশ রাজুকে গ্রেপ্তার করলে তিনি আদালতে জবানবন্দিও দেন। এরপর তিনি জামিনে ছাড়া পেয়ে পালিয়ে যান। 

মামলাটি তদন্ত শেষে পুলিশ রাজুর বিরুদ্ধে আদালতে অভিযোপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।  

ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ব্যাঞ্চ সহকারী দেলোয়ার হোসেন জানান, আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। আসামি যে দিন গ্রেপ্তার হবেন বা আদালতে আত্মসমর্পণ করবেন তখন থেকে সাজা কার্যকর হবে।