কেরানীগঞ্জে মাদ্রাসাছাত্রী শিশুকে ‘ধর্ষণ’, মামলা দায়ের
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ছয় বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার পরিচালকের স্বামীর বিরুদ্ধে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি আবু সালাম মিয়া জানান, তারানগর ইউনিয়নের গুইটা কৃষ্ণনগর এলাকায় শনিবার রাতে এ ঘটনায় মেয়েটির মা মামলা করেছেন।
চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য ওই শিশুটিতে রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
উপজেলার তারানগর ইউনিয়নের গুইটা কৃষ্ণনগর এলাকার শ্যামল বাংলা রিসোর্টের পেছনের আব্দুল মঞ্জুর বসতবাড়িতে এই মাদ্রাসার অবস্থান।
মামলার একমাত্র আসামি আব্দুল মঞ্জু (৪০) ওই এলাকার মৃত আলী মিয়ার ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
ভুক্তভোগী শিশুটির মায়ের অভিযোগ, কয়েক মাস ধরে মেয়েকে ওই বাড়িতে মাদ্রাসায় পড়তে দিয়েছেন। ঈদের ছুটির পর শনিবার ওই মাদ্রাসা খোলে। সকাল ৮টার দিকে মাদ্রাসায় দিয়ে তিনি বাড়ি চলে যান।
প্রতিদিনের মতো ১০টার দিকে মেয়ের জন্য টিফিন নিয়ে তিনি মাদ্রাসায় গিয়ে দেখেন মাদ্রাসার সব ছাত্রী টিফিনে বাড়ি চলে গেছে।
“ওই সময় আমি আমার মেয়েকে পায়জামা খুলা অবস্থায় দেখতে পাই এবং মেয়ে আমার কাছে এসে কান্নাকাটি করে। বিষয়টি বুঝতে পেরে আমি মঞ্জুকে [আসামি] জিজ্ঞাসা করলে সে আমাকে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে চলে যায়।”
পরে মেয়ের কাছ থেকে বিস্তারিত শুনে রাতে থানায় গিয়ে মঞ্জুকে আসামি করে মামলা করেন বলে জানান মামলার বাদী।
শিশুটির মামা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন আমার ভাগিনী হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।”
তিনি আসামিকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের অবহেলা রয়েছে বলে অভিযোগ করেন।
মারিয়া বিনতে বাশার মহিলা ক্যাডেট মাদ্রাসার পরিচালক এই মামলার আসামি মঞ্জুর স্ত্রী।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুহাম্মদ পান্নু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আসামি গ্রেপ্তারের জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছি। গত রাতেও ভুক্তভোগী শিশুটির স্বজনদের সঙ্গে নিয়ে আসামি গ্রেপ্তার করতে সারারাত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি। এখন তারাই পুলিশকে দোষছে।”
ওসি আবু সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ছুটিতে ছিলাম। আজ কাজে যোগ দিয়েছি। শিশু ধর্ষণের অভিযোগে মামলা নেওয়া হয়েছে।”
তিনি জানান, ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মঞ্জুকে একমাত্র আসামি করে শনিবার রাতে কেরানীগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। ঘটনার পর থেকেই আসামি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।
