২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধী কিশোরী ‘অন্তঃসত্ত্বা’, ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় ‘ধর্ষণের শিকার’ এক প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2022, 11:18 PM

Updated : 02 Aug 2022, 11:54 AM

রোববার ভোরে ভূঁইগড় কড়ইতলা থেকে আশীষ কুমার নন্দীকে (৩০) গ্রেপ্তার করা হয় বলে ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু জানান।

এ ঘটনায় শনিবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

গ্রেপ্তার আশীষ কুমার নন্দী কুমিল্লার দেবিদ্বার উপজেলার হোসেনপুরের মনিন্দ্র নন্দীর ছেলে। তিনি ফতুল্লার ভূঁইগড় কড়ইতলায় ভাড়া বাড়িতে থাকেন।

মামলার বরাতে ওসি জানান, বাদী পোশাক শ্রমিক এবং তার স্বামী একজন রাজমিস্ত্রী। তাদের ১৪ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী মেয়ে স্থানীয় হোসিয়ারি কারখানায় কাজ করেন। গত ১৪ মে রাত সাড়ে ৮টায় কারখানা ছুটি হওয়ার পর আশীষ তাদের মেয়েকে নিজের বাসায় নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানাতে হুমকিও দেন তিনি।

“সম্প্রতি কিশোরী অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে হাসপাতালে নিলে যায়। সেখানে চিকিৎসকরা তার অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানায়। পরে ওই কিশোরীকে জিজ্ঞাবাদে ধর্ষণের বিষয়টি জানা যায়।”

তিনি জানান, এ ঘটনায় ভোক্তভুগীর মা শনিবার রাতে মামলা করেন; ভোরে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তা রিজাউল হক জানান।