শরীয়তপুরে পরিবহন সংকটে যাত্রীদের দুর্ভোগ চরমে
একটি বাস এলেই শত শত মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। কার আগে কে উঠবে, তা নিয়ে হুড়োহুড়ি করছে। ভিড় ঠেলে বাসে উঠতে বেশি বেগ পেতে হচ্ছে বয়স্ক ব্যক্তি, নারী ও শিশুদের।
রোববার সকাল থেকে এমন চিত্রই দেখা গেছে শরীয়তপুর পৌরসভার বাস টার্মিনালে।
পদ্মা সেতু চালু হওয়ার পর শরীয়তপুর-ঢাকা রুটে পরিবহন সংকট ও সড়কে যানজটের কারণে যাত্রীদের এমন চরমে দুর্ভোগ পোহাতে হয়েছে।
এছাড়া এই বাস টার্মিনালে নেই কোনো যাত্রী ছাউনি, যাত্রীদের জন্য নেই কোনো শৌচাগারের ব্যবস্থা। তাই তীব্র রোদে ঠায় দাঁড়িয়ে থাকতে হওয়ায় যাত্রীদের দুর্ভোগের তীব্রতা আরও বেড়েছে।
শরীয়তপুর জেলা সড়ক পরিবহন বাস মালিক গ্রুপের সহ-সভাপতি আবদুল বারেক হোসেন বলেন, জেলা শহর থেকে ৪০টি বাস ঢাকায় চলাচল করছে। সকাল ১০টার পর থেকে পৌর বাস টার্মিনালে বাসের সংকট দেখা দেয় তীব্র আকারে।
তিনি আরও জানান, এমনিতেই পরিবহন সংকট, তার উপরে ঈদের পর যাত্রীদের চাপ বেড়ে যাওয়ার কারণে শরীয়তপুর পৌরসভার বাস টার্মিনালে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হচ্ছে শত শত যাত্রীকে। সড়কে যানজটের কারণে অনেক পরিবহন সময়মতো টার্মিনালেও আসতে পারছে না।
রোববার বেলা ১১টার দিকে শরীয়তপুর পৌর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, অনেকে টিকিট কেটেও বাসের জন্য দু-তিন ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। আধা ঘণ্টা পরপর একটি বাস এলে তাতে ৫০ থেকে ৮০ জন যাত্রী উঠতে পারেন। অনেক যাত্রী বাসে দাঁড়িয়েও ঢাকার দিকে রওনা দিচ্ছেন। আবার বাস না পেয়ে অতিরিক্ত টাকা দিয়ে মাইক্রেবাসসহ বিভিন্ন পরিবহনেও গন্তব্যে ছুটছে কর্মমুখী মানুষ।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, শরীয়তপুর থেকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের সঙ্গে সংযোগ সড়ক নাই। বিদ্যমান ২৭ কিলোমিটার সড়কটিও ভাঙাচোরা ও অপ্রশস্ত। তাই নির্দিষ্ট কয়েকটি জায়গা ছাড়া একটি গাড়ি অন্য একটি গাড়িকে সাইড দিতে পারে না। ফলে সৃষ্টি হয় চরম যানজট। এ কারণে দুই ঘণ্টার রাস্তা পাড়ি দিতে চার থেকে পাঁচ ঘণ্টা লেগে যায়। এছাড়া বেহাল এ রাস্তা দিয়ে যাত্রীদেরকে জীবনের ঝুঁকিও নিয়ে চলতে হচ্ছে।
ডামুড্যা উপজেলার কনেকশ্বর এলাকার এনামূল হক খান জানান, এক আত্মীয়ের বিয়ের জন্য ঈদের ছুটির সঙ্গে বাড়তি ছুটি নিয়ে গ্রামে এসেছিলেন। ঈদের আগে ঢাকা থেকে শরীয়তপুর আসার সময় বাসের জন্য অপেক্ষা করতে হয়েছে। আজ (রোববার) পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় রওনা হয়েছেন।
তিনি বলেন, “সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পৌর বাস টার্মিনালে অপেক্ষা করে কোনো বাসে উঠতে পারিনি। এর চেয়ে কষ্ট আর কী হতে পারে।”
গোসাইরহাট উপজেলা নাগেরপাড়া এলাকার বাসিন্দা আমির হোসেন বেপারী বলেন, “এখানে নেই কোনো যাত্রী ছাউনি ও কোনো টয়লেটও নেই। তাই প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে অসুস্থ্ হয়ে গেছি।”
শরীয়তপুর সদরের আটং গ্রামের শাহ আলম বলেন, “সকাল থেকে টারমিনালে দাঁড়িয়ে আছি। কিন্তু ভিড় ঠেলে উঠতে পারছি না। তাই সিএনজিতে [অটোরিকশা] টোল প্লাজার সামনে যাচ্ছি। টোল প্লাজার সামনে থেকে যে কোনো পরিবহনে উঠে ঢাকায় যাব।”
শরীয়তপুর সদর উপজেলার বালুচরা গ্রামের হামেদ খা বলেন, “অসুস্থ্ রোগী নিয়ে এসেছি পৌর টারমিনালে। তিন ঘণ্টা অপেক্ষা করার পরও বাস পেলাম না। এখন কি করব বুঝতে পারছি না।”
পরিবহন কোম্পানি শরীয়তপুর সুপার সার্ভিসের চেয়ারম্যান ও শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার বলেন, “আজ জাজিরায় যানজট সৃষ্টি হয়েছে। এ কারণে বাসের সংকট রয়েছে।”
