২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে এনজিও কার্যালয়ে কর্মকর্তা খুন, বাবুর্চি পলাতক

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় একটি বেসরকারি সংস্থার শাখা কার্যালয়ে একজন কর্মকর্তা খুন হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2022, 04:51 PM

Updated : 02 Aug 2022, 11:55 AM

রোববার দুপুরে উপজেলার মাইজগাঁও ইউনিয়নের পুরান বাজারের নিজামপুরে ক্ষুদ্র ঋণদান সংস্থা আশার কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান জানান।

নিহত আবুল কাশেম (৪৮) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খবিলাশপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি আশার ফেঞ্চুগঞ্জ-১ অঞ্চলের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের সহকর্মী ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, “সকালে বাবুর্চি মো. ফজল মিয়ার (৩৬) সঙ্গে আবুল কাশেমের বাকবিতণ্ডা হয়। অফিস চলাকালীন ফজল মিয়া দা দিয়ে আবুল কাশেমের মাথা ও মুখে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।“

এ ঘটনার পর থেকেই ফজল মিয়া পলাতক আছেন। তিনি জকিগঞ্জ উপজেলার পীরের চক গ্রামের বাসিন্দা।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। বাবুর্চিকে গ্রেপ্তারে এরইমধ্যে অভিযান শুরু হয়েছে।“