২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গণপিটুনিতে ‘অপহরণকারী’ নিহত

গাজীপুরে মুক্তিপণ আদায় করতে গিয়ে গণপিটুনিতে এক ‘অপহরণকারী’ নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2022, 11:42 PM

Updated : 02 Aug 2022, 11:54 AM

ঘটনার পর এক পোশাকশ্রমিক তরুণী বাদী হয়ে অপহরণ মামলা এবং পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে বলে জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান।

নিহত মো. রাকিব (২৭) জয়দেবপুর থানার রুন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তার নামে জয়দেবপুর থানায় তিনটি দস্যুতা এবং শ্রীপুর থানায় একটি ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।

ওসি মাহাতাব মামলার নথির বরাত দিয়ে বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এক পোশাককর্মী (১৯) তার এক পুরুষ সহকর্মীকে নিয়ে রাজেন্দ্রপুর হালডোবা এলাকায় বেড়াতে যান। ফেরার পথে একদল ডাকাত তাদের পথরোধ করে। তারা পুরুষ সহকর্মীকে মারধর করে এবং তরুণীর মুখ চেপে রক্ষিতপাড়ায় জঙ্গলে নিয়ে যায়। সেখানে হত্যার হুমকি দিয়ে একটি গাছের সঙ্গে দুই হাত ও মুখ বেঁধে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে। পুরুষ সহকর্মী কৌশলে পালিয়ে স্থানীয়দের ডেকে নেন।

এলাকাবাসী চারপাশ থেকে ঘেরাও করে রাকিবকে পিটুনি দেয় আর অন্যরা পালিয়ে যায় বলে পুলিশের ভাষ্য।

খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ গিয়ে তরুণীকে ও রাকিবকে উদ্ধার করে।

ওসি বলেন, গুরুতর আহত রাকিবকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ধারালো দা উদ্ধার করেছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় শনিবার সকালে পোশাক কর্মী তরুণী বাদী হয়ে একটি অপহরণ মামলা করেন থানায়। তাছাড়া পুলিশ বাদী একটি হত্যা মামলা দায়ের করে।