২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বাসচাপায় অটোরিকশার চালকসহ প্রাণ গেল ৩ জনের

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাসচাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও কয়েকজন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2022, 08:24 PM

Updated : 02 Aug 2022, 11:54 AM

শনিবার বিকেলে উপজেলার রুস্তমপুর টোল প্লাজার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে তারা হতাহত হন বলে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানান।

নিহতরা হলেন অটোরিকশার চালক নবীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের কাঁচা মিয়ার ছেলে রব্বান মিয়া (৪৫), বেতাপুর গ্রামের আবুল মিয়ার স্ত্রী বকুল বেগম (৫৫) ও একই গ্রামের কচি মিয়ার ছেলে জাবেদ মিয়া (২৪)।

ওসি প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, ঢাকাগামী অটোরিকশাটির সঙ্গে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

তাছাড়া আরও কয়েকজন আহত হওয়ায় তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি।

দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।