২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিরকুটে মায়ের কাছে যাওয়ার কথা লিখে রেখে যুবকের আত্মহত্যা

ফরিদপুর শহরের গোয়ালচামট হাউজিং এস্টেটের বাসা থেকে সবুজ ঢালী নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2022, 01:36 PM

Updated : 02 Aug 2022, 11:54 AM

শুক্রবার রাত ১০টার দিকে হাউজিং এলাকার বি-ব্লকের অ্যাডভোকেট আওলাদ হোসেনের বাসার দোতলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান কোতোয়ালী থানার এসআই বাশার হোসেন।

২২ বছরের সবুজ ঢালী মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার বানিয়া গ্রামের আব্দুল হাসেম ঢালির ছেলে। তিনি বড় ভাই ও ভাবীর সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন। আগে ব্যবসা করলেও সম্প্রতি অসুস্থতার কারণে তিনি বেকার ছিলেন। তার মা দেড় বছর আগে মারা যান।  

এসআই বাশার হোসেন জানান, “ডাইনিং রুমের ফ্যানের হুকের সঙ্গে লাইলন রশি দিয়ে সবুজ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময় পাশের কক্ষের কাপড় রাখার ড্রয়ারের উপর নিহতের মানিব্যাগের মধ্যে একটি চিরকুট পাওয়া যায়।“

চিরকুটে লেখা ছিলো, “ভাই মাফ করে দিবেন। আমি মায়ের কাছে চলে গেলাম।”

চিরকুটে তিনি এক ব্যক্তির কাছে এক লাখ ৬০ হাজার টাকা পাওয়ার কথা লিখে গেছেন।

নিহতের বড় ভাই জসীম ঢালী বলেন, তার স্ত্রী একটি পার্লারে কাজ করেন। তিনি দুপুরের পর কাজে চলে যান। তিনিও নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন।  

“রাত ৮টার দিকে বাড়ির মালিকের ছেলে ফোন করে জানায়, আমার বাচ্চা ঘরে ঢুকতে পারছে না। দরজা ভিতর থেকে আটকানো। খবর পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠান ফেলে রেখে বাসায় ছুটে এসে দরজা ভেঙে ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ দেখতে পাই।”

জসীম ঢালীর স্ত্রী লিজা বেগম জানান, চার মাস আগে তারা এই ভাড়া বাসায় উঠেছেন। তিন মাস ধরে দেবর সবুজ তাদের সঙ্গে ছিলেন।

তিনি বলেন, “দুপুরে আমরা স্বামী-স্ত্রী খাওয়া-দাওয়া করে কাজে চলে যাই। বিকালে আমাকে ফোন দিয়ে সবুজ জিজ্ঞাস করেছিল, রান্না করতে হবে কি-না? আমার বাসায় ফিরতে দেরি হবে কি-না? এটুকুই তার সঙ্গে শেষ কথা।”

পুলিশ জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।