ফ্লাইওভারের গার্ডার চাপায় বিআরটি প্রকল্পের নিরাপত্তারক্ষী নিহত, আহত ২
গাজীপুরে বিআরটি প্রকল্পের নির্মাণাধীন ফ্লাইওভারের ‘লঞ্চিং গার্ডার’ চাপায় প্রকল্পটির এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আরেক শ্রমিক ও একজন পথচারী আহত হয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলার চান্দনা চৌরাস্তার কে চৌধুরী অ্যান্ড কোম্পানি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে বলে বাসন থানার ওসি মালেক খসরু খান জানান।
আহত দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসন থানার এসআই মো. সুরুজ্জামান জানান, ফ্লাইওভারের কাজ করার সময় লঞ্চিং গার্ডার টেইলার গাড়িতে উঠানো হচ্ছিল। এ সময় গার্ডারটি টেইলার থেকে কাত হয়ে জিয়াউর রহমানের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। অপর এক শ্রমিক ও এক পথচারী গুরুতর আহত হন।
ফ্লাইওভারের গার্ডার স্থাপনের জন্য লঞ্চিং গার্ডার ব্যবহার করা হয়।
নিহত জিয়াউর রহমান তাদের প্রকল্প এলাকায় নিরাপত্তারক্ষীর দায়িত্বে ছিলেন বলে জানান প্রকল্প পরিচালক।
