২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে শিশুকে ‘ধর্ষণ’ ও হত্যা, আটক ৩

সিরাজগঞ্জ সদরে সাত বছর বয়সী এক শিশুকে ‘ধর্ষণ’ ও হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারীসহ তিন জনকে আটক করেছে পুলিশ।  

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2022, 09:55 PM

Updated : 02 Aug 2022, 11:53 AM

শুক্রবার সকালে কাওয়াকোলা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল মহিষাহাটায় মেয়েটির লাশ পাওয়া যায়।  

নিহত শিশু ওই গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার বিকাল থেকে সে নিখোঁজ ছিল বলে তার ভাই জানিয়েছেন।  

মেয়েটির ভাই সাংবাদিকদের বলেন, “শুক্রবার সকালে পুকুরের মধ্যে হাঁটু পানিতে তার মরদেহ দেখতে পেয়ে আমরা উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যাই।”

পরে পুলিশ মরদেহ মর্গে পাঠায় বলে জানান তিনি।  

নিহত শিশুর ভাই আরও বলেন, তার বোনের দুটি হাত ভাঙা এবং নাক দিয়ে রক্ত পড়ছিল। ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে নারীসহ তিন জনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।