মানিকগঞ্জে খেলার মাঠে বজ্রপাত, আহত ১৮ দর্শক
মানিকগঞ্জ সদরে ফুটবল মাঠে বজ্রপাতে খেলা দেখতে আসা অন্তত ১৮ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ মাঠে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানিয়েছেন।
স্থানীয়রা জানান, জাগীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেনের বাবা ইউসুফ আলীর নামে গোল্ডকাপ টুর্নামেন্টের খেলা ছিল শুক্রবার। খেলা দেখতে আসা বেশ কয়েকজন বজ্রপাতে আহত হন।
পরে মাঠের অন্য দর্শকরা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কাজী একেএম রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বজ্রপাতে আহতদের হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
আহতরা হলেন আব্দুল লতিফ (৬০), ইসমাইল (১৫), আলমগীর (৫৫), আরিফ (২৯), ওয়াসিম (২০), আজিজুল হাকিম (৩৫), মোকলেস (৬২), রাজ্জাক (৫০), শামীম (৩৫), ফাহিম (১৭), জাহিদুল (৪০), সজিব হোসেন (২০), রাজিব (২০), ফারুক (৩০), শিবু মিয়া (২০), বিপ্লব হোসেন (২০), রইজ উদ্দিন (১৮) ও লুৎফর রহমান (৩৫)।
তাদের বাড়ি জেলার সদর, সাটুরিয়া ও সিংগাইরের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
আহতদের একজন সজিব হোসেন বলেন, জাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেনের বাবা ইউসুফ আলীর নামে আয়োজিত গোল্ডকাপ টুর্নামেন্ট চলছে। শুক্রবার একটি খেলা ছিল। খেলা দেখতে মাঠের পাশে দাঁড়ানো একদল দর্শক বজ্রপাতে আহত হন।
