২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে তীব্র যানজটে যাত্রী ভোগান্তি

ঈদের ছুটি কাটিয়ে ঢাকামুখী মানুষের চাপে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার সংযোগ সড়ক থেকে নাওডোবা জমাদ্দার মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2022, 08:49 PM

Updated : 02 Aug 2022, 11:53 AM

শুক্রবার সকাল থেকে শরীয়তপুরসহ ২১ জেলার ঢাকামুখী যাত্রীবাহী কয়েকশ গাড়ি যানজটে আটকে পড়ে এ অবস্থার সৃষ্টি হয়। এতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছে।

শরীয়তপুর পরিহবনের যাত্রী আতাউর রহমান, মিজানুর রহমান, পপি খানমসহ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের।

তারা জানান, রাস্তায় কোনো সমস্যা না হলেও এখানে এসে অনেকক্ষণ ধরে বসে থাকতে হচ্ছে তাদের। প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে অনেকে পরিবার রেখে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য ঢাকায় ফিরতে শুরু করেছেন। 

শরীয়তপুর পরিহবনের চালক জসিম বেপারি বলেন, “পদ্মা সেতু দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ যাতায়াত করে। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার ঢাকামুখী যাত্রী ও যানবাহনের প্রচুর চাপ ছিল। তাই যাত্রীর চাপ বেড়েছে কয়েক গুণ।”

গতকালও কোনো যানজট দেখা যায়নি; ভোগান্তি ছাড়াই মানুষ টোল দিয়ে সেতুতে উঠতে পেরেছে। তবে সন্ধ্যার পরই চিত্র পাল্টে যায়। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ঢাকামুখী যানবাহনের চাপ বাড়তে থাকে। রাত ১১টা পর্যন্ত স্থায়ী ছিল যানজট; যদিও পরে স্বাভাবিক হয়ে যায়।

শুক্রবার সকাল ৮টা থেকে আবার যানজট শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে যানজটের তীব্রতা বাড়তে থাকে। টোল প্লাজার সামনে থেকে সংযোগ সড়কের জাজিরার নাওডোবা জমাদ্দার মোড় পর্যন্ত আড়াই কিলোমিটারজুড়ে যানজটে আটকা পড়ে কয়েকশ গাড়ি।

যানজটে তাদের গাড়িটি এক ঘণ্টা ধরে আটকে থাকার পর টোল দিয়ে সেতুতে উঠতে পেরেছে বলে যাত্রী সায়েদ ঢালী জানান।

জাজিরা প্রান্তের টোল প্লাজার ম্যানেজার কামাল হোসেন বলেন, “পদ্মা সেতুর কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন কর্মকাণ্ডে গতি এসেছে।”

তার ভাষ্য, দক্ষিণের জেলাগুলোতে দিনভর প্রয়োজনীয় কাজ করে মানুষ। কাজ শেষে তারা রাতে ঢাকায় ফিরেন। এ ছাড়া ঈদে গ্রামে যাওয়া মানুষ এখনো ঢাকায় ফিরছেন। সে কারণে ঢাকামুখী গাড়ির চাপ বেড়ে যায়।

শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের যাত্রী মিজান মুন্সি বলেন, “সকাল ১১টার দিকে নাওডোবার জমাদ্দার মোড়ে পৌঁছায়। যানজটের কারণে ২ ঘণ্টা বসেছিলাম। ২টার পর আমাদের বাসটি সেতুতে ওঠে।”

ঢাকা-খুলনা সড়কের ইমু পরিবহনের চালক আফজাল হোসেন বলেন, “দেড় ঘণ্টা ধরে সংযোগ সড়কে বসে আছি। দুদিন ধরে একটু বেশি যানজট দেখছি। এক থেকে দেড় ঘণ্টা আটকে থেকে সেতুতে উঠতে হয়। এতে যাত্রীদের দুর্ভোগ বেড়ে যায়।”

টোল প্লাজার ম্যানেজার কামাল হোসেন বলেন, “যানবাহন থেকে টোল আদায় করার জন্য ছয়টি বুথ রয়েছে। সেখানে থেকে যানবাহন টোল প্রদান করে সেতুতে ওঠে। একেকটি গাড়ির টোল দিতে সর্বোচ্চ ৪০ থেকে ৫০ সেকেন্ড সময় লাগে। সড়কে গাড়ির চাপ থাকায় দুদিন ধরে একটু বেশি যানজট দেখা যাচ্ছে।”

ঈদের ছুটি কাটিয়ে মানুষ কর্মস্থলে ফেরার পর আর এমন যানজট হবে না বলে মনে করেন কামাল হোসেন।