২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ছাত্রলীগ নেতা হত্যার দ্রুত বিচার দাবি

নোয়াখালীতে ছাত্রলীগ নেতা হাসিবুল বাশার হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2022, 06:02 PM

Updated : 02 Aug 2022, 11:54 AM

শুক্রবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তায় মুক্তিযোদ্ধা যাদুঘরের সামনে তারা এ কর্মসূচিতে অংশ নেন।

নিহত হাসিবুল বাশার ছাত্রলীগের নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা কমিটির সদস্য ছিলেন। গত ৭ জুলাই বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের সোবহান মার্কেট এলাকায় তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে একদল হামলাকারী।

এ ঘটনায় হাসিবুলের চাচা সিরাজুল ইসলাম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ১৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাসিবুল বাশার এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় পূর্বপরিকল্পিতভাবে তাকে গলা কেটে হত্যা করা হয়। 

বক্তারা বলেন, হত্যা মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হলেও বাকি আসামিরা এ হত্যাকাণ্ডের প্রতিবাদকারী, মামলার বাদী ও হাসিবের স্বজনদের বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে।

মানববন্ধনে মামলার সব আসামিকে এবং তাদের মদতদাতাদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।