২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোণার বারহাট্টায় পুকুরে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2022, 05:57 PM

Updated : 02 Aug 2022, 11:54 AM

শুক্রবার উপজেলার রায়পুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানান বারহাট্টা থানার ওসি লুৎফুর রহমান।

শিশু ইমরান হোসাইন সদর উপজেলার ঝাউসী গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের ছেলে।

এলাকাবাসীর বরাতে ওসি লুৎফুর রহমান জানান, সোমবার ইমরান হোসাইনকে নিয়ে তার মা নিশ্চিন্তপুর গ্রামে বাবার বাড়ি বেড়াতে যান। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে ইমরান বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। পরে পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুজি শুরু করে।

“কিছু পরে স্বজনরা পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে দ্রুত নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এদিকে এ নিয়ে গত এক মাসে জেলায় পানিতে ডুবে ১৮ জন মারা গেছে বলে জানান জেলা সিভিল সার্জন মো. সেলিম মিয়া।

তিনি জানান, গত ১৭ জুন জেলায় বন্যা শুরু হয়। বন্যার পানি দীর্ঘ সময় অবস্থান করায় জেলায় পানিতে ডুবে মৃত্যুর সংখ্যাটা উদ্বেগজনক। এক মাসে মোট ১৮ জনের মৃত্যু হল পানিতে ডুবে। এই মৃত্যু রোধে সচেতনতার বিকল্প নেই।