মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
মানিকগঞ্জের সিংগাইরে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলায় তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিংগাইর থানার এসআই মাসুদ রানা শামিম জানান, মেয়েটির মায়ের দায়ের করা মামলায় সিংগাইর জয়মন্টপ এলাকা থেকে বৃহস্পতিবার বিকালে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেন তারা।
গ্রেপ্তার ব্যক্তির বাড়ি উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর দুর্গাপুর এলাকায়।
এসআই বলেন, “ওই ব্যক্তি বুধবার বিকালে ফাঁকা বাড়িতে বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে (১৪) ধর্ষণের সময় স্ত্রীর কাছে ধরা পড়েন। এ সময় তার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে তিনি পালিয়ে যান।
“পরে রাতেই মেয়েটির মা বাদি হয়ে সিংগাইর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা করেন।”
এর আগেও গত ২৪ জুন বিকালে বাড়ি ফাঁকা পেয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মেয়েটিকে তার বাবা ধর্ষণ করেন বলে এসআই জানান।
