ভারতীয় নাগরিককে মারধরের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
ফেনীর পরশুরাম উপজেলায় এক ভারতীয় নাগরিককে মারধর ও তার কাছ থেকে টাকাপয়সা-স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরশুরাম থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, উপজেলার পরশুরাম বাজারের কাছাকাছি এলাকায় বৃহস্পতিবার রাতে গোবিন্দ বিশ্বাস নামের ওই ব্যক্তি মারধরের শিকার হন। পরে তার দায়ের করা মামলায় রাতেই ইউপি সদস্যাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার সরোয়ারুল করিম চৌধুরী (৪৫) পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য পদেও রয়েছেন।
আর ভারতীয় নাগরিক ৪০ বছর বয়সী গোবিন্দ বিশ্বাস দেশটির দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার মতাই গ্রামের সাধন চন্দ্র বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, গোবিন্দ বৃহস্পতিবার পাসপোর্ট ও ভিসা দেখিয়ে বৈধভাবে পরশুরাম বিলোনিয়ার ইমিগ্রেশন সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন। তিনি এই সীমান্ত দিয়ে প্রায়ই ত্রিপুরা-পরশুরাম যাতায়াত করেন।
ঘটনার বর্ণনায় ওসি বলেন, “বাংলাদেশে ঢোকার পর গোবিন্দ অটোরিকশায় করে পরশুরাম যাচ্ছিলেন। পরশুরাম বাজারের কাছাকাছি পৌঁছালে ইউপি সদস্য সরোয়ারুলের নেতৃত্বে চার পাঁচজন তাকে আরেকটি অটোরিকশায় তুলে একটি বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে।
“গোবিন্দকে সেখানে মারধর করা হয়। পরে তার সঙ্গে থাকা বাংলাদেশি ৭০ হাজার টাকা ও ভারতীয় ১০ হাজার রুপিসহ সোনার চেইন ছিনিয়ে নিয়ে গোবিন্দকে ছেড়ে দেওয়া হয়।”
সেখান থেকে বেরিয়ে গোবিন্দ পাঁজজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তবে ইউপি সদস্য সরোয়ারুল তার বিরুদ্ধে আনা অভিযোগের কথা অস্বীকার করেছেন।
গ্রেপ্তারের আগে সরোয়ারুল বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “গোবিন্দকে আমি অনেকদিন থেকেই চিনি। তার কাছে আমার একটি মোটর সাইকেলের টাকা পাওনা ছিল। ওই টাকার জন্যই তাকে অল্প সময়ের জন্য আটক রাখা হয়। গোবিন্দ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।”
ওসি বলেন, শুক্রবার সরোয়ারকে আদালতে তোলার কথা রয়েছে। এ মামলার বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
