পিকআপভ্যান মেরামতের সময় গাড়িচাপায় ২ জনের মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সড়কের পাশে বিকল হয়ে যাওয়া পিকআপ ভ্যান মেরামত করার সময় এর চালকসহ দুইজন অজ্ঞাত গাড়ির চাপায় মারা গেছেন।
শুক্রবার ভোরে উপজেলার বড়বিল এলাকার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান।
মৃতরা হলেন- পিকআপভ্যান চালক নাটোরের গুরুদাসপুর উপজেলার দত্তকানাই গ্রামের আব্দুল করিমের ছেলে কিরণ মৃধা (২৮) ও সিরাজগঞ্জ সদরের রেলওয়ে কলোনির দুলু শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৪৭)।
ওসি বলেন, “ভোরে মহিষলুটি মাছের আড়তে যাওয়ার পথে পিকআপ ভ্যানটি বিকল হয়ে যায়। কিরণ গাড়িটি মেরামত করানোর জন্য জাহাঙ্গীরকে ডেকে পাঠান। পরে দুইজনে মিলে পিকআপ ভ্যানটি মেরামত করছিলেন।
“এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”
পুলিশ দুজনের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে বলে জানান ওসি লুৎফর।
