২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে তীব্র গরমে হাঁসফাঁস

তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে রংপুর নগরীর জনজীবন। একে তো প্রখর রোদ, দেখা নেই বৃষ্টিরও। একটু প্রশান্তির আশায় মানুষ গাছের ছায়া কিংবা শীতল স্থানে ছুটছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2022, 11:27 AM

Updated : 25 Oct 2022, 10:58 AM

প্রচণ্ড রোদে ঘর-বাড়ি তপ্ত হয়ে আছে; ফ্যানের বাতাসেও প্রাণ জুড়াচ্ছে না। এর মধ্যে লোডশেডিং যেন মরার ওপর খাঁড়ার ঘা। সবমিলিয়ে রংপুর নগরীসহ জেলার সর্বত্র গরমে অস্বস্তির মাত্রা বেড়েছে।

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত তিন চারদিন ধরে জেলার তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রী পর্যন্ত ওঠানামা করছে। মোটামুটি গরম পড়ছে।

“বৃষ্টি হলেই এ পরিস্থিতি কেটে যাবে। কিন্তু আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নাই।” বলেন তিনি।

বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভ্যাপসা গরমে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছেন কর্মজীবী মানুষজন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তাপদাহ বেড়ে যাওয়ায় চাহিদা বেড়েছে ঠান্ডা পানীয়র। চলতি পথে ফুটপাতে দাঁড়িয়ে লেবু ও ফলের শরবত খেয়ে শরীর জুড়িয়ে নিচ্ছেন অনেকে। চাহিদা বেড়েছে ডাবের পানির।

শহরের জাহাজ কোম্পানি এলাকার অটোরিকশা চালক আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অতিরিক্ত গরমের কারণে অটোরিকশা চলানো যাচ্ছে না। এত গরম যে, বসার সিট পর্যন্ত গরম হয়ে যায়। রোদের কারণে রাস্তায় টেকাই যাচ্ছে না।”

নগরীর বাহারকাচনা এলাকার দিনমজুর আয়ুইব আলী (৪০) বলেন, “বর্ষাকালে এমন গরম আর কখনো দেখি নাই। দুপুরের কড়া রোদের মধ্যে কাজ করতে পারছি না। তাই কাজের ফাঁকে গাছের নিচে আশ্রয় নিচ্ছি।”

৪৫ বছর বয়সী দিনমজুর রফিকুল ইসলাম বুড়িরহাট থেকে রংপুর নগরীতে এসেছেন কাজের খোঁজে। কাজ মিললেও প্রচণ্ড রোদ আর গরমে নাভিশ্বাস ছুটছে তার। 

রফিকুল বলেন, “রোদের তাপে কাজ করা যায় না। তারপরও আমাদের কাজ করতে হয়। আমরাতো গরিব, কাজ না করলে পেটে ভাত যাবে না।”

এদিকে তাপদাহ বেড়ে যাওয়ায় শহরের ইলেকট্রনিক্স দোকানগুলোতে পাখা কিনতে লোকজনের ভিড় দেখা গেছে। 

মেঘনা ইলেকট্রনিক্স এর মালিক নয়ন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গরমের কারণে প্রতিটি ফ্যানের দাম ৩০০-৪০০ টাকা বেড়েছে। তারপরও আমরা ফ্যান সাপ্লাই দিতে পারছি না। এত চাহিদা বেড়েছে ফ্যানের, বলার মতো না।”