কিশোরগঞ্জে হাওরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওরে গোসলে নেমে নিখোঁজের ১৬ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে করিমগঞ্জ ও মিঠামইন উপজেলার সীমান্তবর্তী হাসানপুর সেতু এলাকা থেকে লাশটি উদ্ধার হয় বলে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান।
নিহত তানজিব সারোয়ার হিমেল (৩০) কিশোরগঞ্জ শহরের গাইটাল শ্রীনগর এলাকার মো. কামাল মিয়ার ছেলে।
আবুজর গিফারী জানান, বৃহস্পতিবার ভোরে ফায়ার সার্ভিসের চারজনের একটি ডুবুরিদল উদ্ধার অভিযান শুরু করে। সকাল ১১টার দিকে হাসানপুর সেতু থেকে ২০-২৫ ফুট দূরে হিমেলের মরদেহ পাওয়া যায়।
করিমগঞ্জ থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকী জানান, গতকাল বুধবার হাওরের হাসানপুর সেতু এলাকায় হিমেলসহ ১০-১৫ জন বেড়াতে আসেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে হিমেল হাওরে গোসল করতে নেমে নিখোঁজ হন।
লাশ উদ্ধারের পর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে ওসি জানান।
