আগুনে পুড়ল ৬ দোকান, পণ্য সরানোর সময় পিছলে পড়ে দোকানির মৃত্যু
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। এ সময় মালামাল সরাতে গিয়ে পিছরে পড়ে এক দোকানি মারা গেছেন।
বৃহস্পতিবার ভোরে গেড়াখোলা বাজারে এ ঘটনা ঘটে বলে মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সজিবুর রহমান জানান।
মৃত বাবলু লস্কর (৫৫) গেড়াখোলা বাজারের ব্যবসায়ী।
বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অনিক মজুমদার বলেন, “বাজারের স্টুডিও দোকানে ঘুমিয়ে ছিলাম। রাত ৩টার দিকে আগুন লাগে। আমি স্টুডিওর দোকান থেকে বের হয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”
আগুনে বাবলু লস্করের মুদি দোকান, গৌতম মজুমদারের স্টুডিও, বশিষ্ট চক্রবর্তীর কাপড়ের দোকান, সাদ্দাম মিয়ার কম্পিউটারের দোকান, বাবুল মোল্লার কসমেটিক্সের দোকান, গোপীনাথের মুদি দোকান পুড়েছে বলে অনিক জানান।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সজিবুর রহমান বলেন, রাত ৩টার দিকে তারা আগুন লাগার খবর পান। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি প্রায় ৫ লাখ টাকার মালামালও উদ্ধার করা সম্ভব হয়েছে।
“বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।”
ব্যবসায়ী হাসান লস্কর জানান, আগুন লাগার খবর শুনে সবাই আগুন নেভাতে আসেন। এ সময় মুদি দোকানদার বাবলু লস্কর তার দোকানের মালামাল নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করে। মালামাল সরানোর এক পর্যায়ে তিনি পা পিছলে পড়ে যান। অজ্ঞান অবস্থায় তাকে মুকসুদপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক রায়হান ইসলাম শোভন বলেন, “হাসপাতালে আনা আগেই মারা যান বাবুল লস্কর। তবে তার শরীরে আগুনে পোড়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।”
