চাঁদপুরে তিন বালু মহলকে দেড় লাখ টাকা জরিমানা
চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতিয়া নদীর পাড়ে গড়ে ওঠা তিনটি বালু মহালকে জরিমানা করেছে প্রশাসন।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে ডাকাতিয়া নদীর উপর নির্মিত সেতু সংলগ্ন এসব বালু মহালে অভিযান চালান।
তিনি জানান, সেতুর নিচে ও দুই পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা তিন বালুমহাল থেকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
তিন বালু মহালকে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় বলেও তিনি জানান।
জরিমানা আদায় করা প্রতিষ্ঠানগুলো হলো আকতার ট্রেডার্স, তাহের ট্রেডার্স ও এমদাদ মজুমদার ট্রেডার্স।
অভিযানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জাহেদুল আজহার আলম বেপারী, কাউন্সিলর সাদেকুজ্জামান সাদেক ও উপজেলা প্রকৌশলী কার্যালয়ে উপ-পরিচালক রমিজ উদ্দিন।
