ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা: ফসল হারিয়ে দিশাহারা কৃষক
উজানের ঢল আর অতিবৃষ্টির বন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় ফসলের বিপুল ক্ষতি হয়েছে।
কৃষি বিভাগ জানিয়েছে, প্রায় ১৪ হাজার হেক্টরেরও বেশি ফসলি জমি পানিতে তলিয়ে নষ্ট হয়েছে।
সরেজমিনে বিভিন্ন এলাকায় দেখা গেছে, বন্যার পানি সরে গেলেও এখনও নিচু এলাকার ধানের জমি ও সবজি ক্ষেতগুলো তলিয়ে আছে পানিতে। হাজার হাজার হেক্টর জমির আউশ, বোনা আমন ও বিভিন্ন সবজি ক্ষেত নষ্ট হয়েছে।
আয়ের একমাত্র উৎস হারিয়ে এখন ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের সহযোগিতা চান ক্ষতিগ্রস্ত কৃষকরা।
এই ফলন তুলে নতুন করে আবার শুরুর কথা ছিল। তার মতো অবস্থা আরও অসংখ্য চাষির।
আরেক চাষি আবদুর রউফ বলেন, সব্জি চাষ করেই তার পরিবার চলে। আর কোনো আয়ের উৎস নেই। কয়েক মাস শ্রম দিয়ে এই সব্জি বাগান করেছিলেন। কিন্তু সর্বনাশা বন্যা তার সব কেড়ে নিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কালিসীমা গ্রামের শহীদ মিয়া তার ৪০ শতাংশ জমির উপর সব্জি চাষ করে ছিলেন। উজানের ঢলে রাতারাতি তলিয়ে গেছে তার স্বপ্নের বাগান।
শহীদ মিয়া বলেন, “পরিশ্রম করে বাগানটি বানাইছিলাম। এখন ফলন আইছিল। কিন্তু এই ফলন্ত গাছগুলো পানিতে ভাসাইয়া নিল। সরকারি কোনো সাহায্য পাই নাই। খালি পরামর্শ দেয়। পরামর্শ লাইয়া কী করুম। আবার শব্জি বাগান করতে টাকার দরকার।”
ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সুশান্ত সাহা জানান, বন্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর, নাসিরনগর, বিজয়নগর, আখাউড়া ও সরাইলে ৪ হাজার ৭৫০ হেক্টর আউশ; ৯ হাজার ৩৬ হেক্টর বোনা আমন এবং ৪৯৫ হেক্টর জমির সবজি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে আর্থিক ক্ষতি হয়েছে ১১৯ কোটি টাকারও বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৯০ হাজারেরও বেশি কৃষক।
তিনি জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। সরকারিভাবে কোনো প্রণোদনার ব্যবস্থা করা হলে ক্ষতিগ্রস্তদের প্রণোদনা ব্যবস্থা করা হবে। ক্ষতি পুষিয়ে নিতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন।
“যেখানে বোনা আমনের জমিগুলো রয়েছে, সেখানে আমরা সরিষা আবাদের পরামর্শ দিচ্ছি। যেখানে রোপা আমনের ব্যবস্থা রয়েছে সেখানে রোপা আমনের উচ্চ ফলনশীল জাতের ধান আবাদের পরামর্শ দিচ্ছি।”
