নেত্রকোণার আওয়ামী লীগ নেতা তফসির উদ্দিন নেই
নেত্রকোণা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা তফসির উদ্দিন খান আর নেই।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে তার ছেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র জানিয়েছেন।
তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি নেত্রকোণা মধুমাছি কচিকাঁচার মেলার উপদেষ্টা ছিলেন।
৭৬ বছর বয়সে মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মারুফ হাসান খান অভ্র জানান, এর আগে ভারতের চেন্নাইয়ের এপোলো হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। সেখান থেকে ঈদের আগের দিন নেত্রকোণা ফেরেন তিনি।
বৃহস্পতিবার সকাল ৮টায় পূর্বধলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে প্রথম জানাজা, ১০টায় শহরের মোক্তারপাড়ার ঈদগাঁ মাঠে দ্বিতীয় জানাজা ও বেলা ১১টায় নিজ বাড়ি সদর উপজেলার মেদনী গ্রামে তৃতীয় জানাজা হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে নেত্রকোণা জেলা আওয়ামী লীগ, জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
