২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবরার ফাইয়াজ পড়বেন বুয়েটে, থাকতে চান ভাইয়ের হলে

আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ বুয়েটে ভর্তি হবেন। সিট পেলে প্রয়াত বড় ভাইয়ের স্মৃতিবিজড়িত শেরেবাংলা হলেই থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। 

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 11:29 PM

Updated : 14 Jul 2022, 07:02 PM

বুধবার দুপুরে ফেইসবুকের মাধ্যমে ফাইয়াজ তার সিদ্ধান্ত ও ইচ্ছার কথা জানান।

বুয়েটে ভর্তি পরীক্ষায় ফাইয়াজ যন্ত্রকৌশল বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন।

বুয়েটের ছাত্র ছিলেন ফাইয়াজের বড় ভাই আবরার ফাহাদ। থাকতেন শেরেবাংলা হলে। প্রায় তিন বছর আগে বুয়েটের একদল ছাত্র তাকে পিটিয়ে হত্যা করে।

ফেইসবুক পোস্টে ফাইয়াজ বলেন, “আমার পরিবারের সবার মতামতের ভিত্তিতে আমি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আপনারা অনেকেই নিজেদের মতামত জানিয়েছিলেন, তাই এই ব্যাপারটা আপনাদের জানানো।”

ফাইয়াজ আইইউটিতেও ভর্তির সুযোগ পেয়েছেন এবং সেখানে ইতোমধ্যে ভর্তিও হয়েছেন।

পরিবারের কেউ সরাসরি আইইউটি বা বুয়েটে ভর্তির ব্যাপারে তেমন কিছু বলেননি জানিয়ে ফাইয়াজ বলেন, “প্রায় সবাই-ই বলেছেন যেখানে আমার ইচ্ছা সেখানেই ভর্তি হতে। তাই বলা যায় আমার ইচ্ছা অনুসারেই এখানে ভর্তি হতে চাওয়া।”

সবাই প্রথম থেকেই বুয়েটে তার নিরাপত্তার ব্যাপারে চিন্তিত ছিলেন জানিয়ে তিনি বলেন, “এটা আসলে আমি কখনও ভাবিনি। আবার ভাইয়ার কথা মনে পড়বে, এ জন্য মানসিকভাবে ভেঙে পড়ব, এ রকম কিছু নিয়েও চিন্তিত ছিলাম না আসলে। আমার ইচ্ছা আছে ভাইয়ার শেরেবাংলা হলেও সিট পেলে থাকব।”

ফাইয়াজ গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটেও ভর্তির সুযোগ পেয়েছেন।

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে একদল ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় আবরারের বাবা বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা করেন। এ মামলায় বুয়েটের ২০ ছাত্রের মৃত্যুদণ্ড এবং ৫ ছাত্রের যাবজ্জীবন কারাদণ্ড হয়।