নরসিংদীর চরে সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে একজন নিহত
নরসিংদীর রায়পুরায় চরাঞ্চলে দুটি পক্ষের সংঘর্ষ চলাকালে টেঁটাবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দী গ্রামে এই সংঘর্ষ হয়।
নিহত মফিজ মিয়া (৬০) গজারিয়াকান্দী গ্রামের প্রয়াত হানিফ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রীনগর ইউনিয়ন পরিষদের দুই সদস্যের বিরোধ চলে আসছিল। সকাল ১০টার দিকে নামা পাড়ায় একটি শিশুকে মারধর করা হলে এই দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে বেলা ১২টার দিকে সংঘর্ষ বেধে যায়।
আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মফিজ মিয়াকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে আছমা বেগম (৩৫), খলিলুর রহমান (৫৫), জোনায়েদ মিয়া (১৮), জয়নাল আবেদীনেকে (৭০) রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, টেঁটাবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।
