২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুটি অগ্নিকাণ্ডে ১৫ ঝুট গুদাম ও একটি দোকান পুড়ে ছাই 

গাজীপুরে দুটি অগ্নিকাণ্ডে ১৫টি ঝুট গুদামসহ একটি দোকান পুড়ে গেছে। এই দুই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 05:11 PM

Updated : 25 Oct 2022, 10:55 AM

টঙ্গী ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান জানান, বুধবার ভোর ৫টার দিকে পুবাইলের মাঝুখান এলাকায় একটি ঝুট গুদামে আগুনের সূত্রপাত হয়।

“আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাশের আরও ১১টি গুদাম ও একটি দোকানে ছড়িয়ে পড়ে। টঙ্গী ফায়ার স্টেশন থেকে তিনটি, উত্তরা ফায়ার স্টেশনের একটি এবং ঢাকা জোন অফিসের অপর একটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”

তিনি জানান, আগুনে মোট ১২টি গুদাম এবং একটি দোকান পুড়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার  কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

অপরদিকে, গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার কোনাবাড়ি থানার দেওয়ালিয়াবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি ঝুট গুদাম পুড়ে যায়।

“জয়দেবপুর ও কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের চারটি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।”