২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি

কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলা প্রশাসন কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 05:02 PM

Updated : 25 Oct 2022, 10:55 AM

বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন চত্বরে জেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকবৃন্দের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

কুষ্টিয়া প্রেসক্লাব ও কুষ্টিয়া এডিটর ফোরামের পূর্বঘোষিত ৭ দফা কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংহতি জানিয়ে জেলায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা সাংবাদিক রুবেল হত্যার রহস্য উন্মোচন করে হত্যাকাণ্ডে যারাই জড়িত থাক তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখের সভাপতিত্বে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি হাসান আলীর সঞ্চালনায় বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচীতে কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ-সভাপতি নুরুন্নবী বাবু, এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক নুরআলম দুলালসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন।

এর আগে মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।

সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়া প্রেসক্লাব ও কুষ্টিয়া এডিটর ফোরামের জরুরি সভায় সাত দফা কর্মসূচি ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালায় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন সাংবাদিকরা।

গত ৩ জুলাই রাত ৯টার দিকে মোবাইলে ফোন পেয়ে সাংবাদিক রুবেল শহরের বাবর আলী গেট সংলগ্ন নিজ পত্রিকা অফিস থেকে বের হয়ে এন এস রোডের সিঙ্গার মোড়ের দিকে যান। এরপর থেকে তার ব্যবহৃত তিনটি মোবাইল ফোন নম্বরই বন্ধ পাওয়া যাচ্ছিল।

এ ব্যাপারে রুবেলের ছোট ভাই মাহাবুব রহমান ৩ জুলাই রাতে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

৭ জুলাই দুপুরে নির্মাণাধীন কুমারখালী যদুবয়রা সংযোগ সেতুর (শহীদ গোলাম কিবরিয়া সেতু) নিচ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পাবনা নৌ-পুলিশ।

এ ঘটনায় ৮ জুলাই রুবেলের চাচা মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ হত্যায় জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করা যায়নি।

কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লকের হাবিবুর রহমানে ছেলে রুবেল কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ‘দৈনিক কুষ্টিয়ার খবরের’ ভারপ্রাপ্ত সম্পাদক ও ‘দৈনিক আমাদের নতুন সময়ের’ কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।