খাটের নিচে ২৮ হাজার ইয়াবা, দুই নারীসহ গ্রেপ্তার ৪
কক্সবাজারের টেকনাফে একটি বাড়ি থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে; এ সময় দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন- পশ্চিম নাইট্যং পাড়ার বদি আলমের স্ত্রী রশিদা বেগম (২৫), মো. ইমরানের স্ত্রী পরিমণি ওরফে জাহিদা মুন্নী (১৯), সাবরাং আলীর ডেইলের জাফর আলমের ছেলে মো. তৈয়ব (৩২) এবং আবুল হাশেমের ছেলে মো. রাশেদ (৩৩)।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রফিকুল ইসলাম রাফি ও এএসআই সাখাওয়াত হোসেনের নেতৃত্বে নাইট্যং পাড়া এলাকায় অভিযান চালানো হয়।
“এ সময় রশিদা বেগমের বসত ঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে ২৮ হাজার ইয়াবা উদ্ধার এবং চার মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়”, বলেন ওসি।
তিনি আরও জানান, মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
