২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বাস ও পিকআপের সংঘর্ষে ২ জন নিহত

মাদারীপুরের রাজৈর উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 11:56 AM

Updated : 25 Oct 2022, 10:55 AM

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার আলমদস্তার এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মফিজুর রহমান জানান।

নিহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক সাদ্দাম মিয়া (৩৫) এবং যাত্রী আম ব্যবসায়ী খাইরুল আলম (৪০)।

পরিদর্শক মফিজুর রহমান জানান, নওগাঁ থেকে আম বোঝাই করে একটি পিকআপ ভ্যান বরিশালে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টায় সেটি আলমদস্তায় এলে বিপরীত দিক থেকে আসা ‘সোনার বাংলা’ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই পিকআপ চালক সাদ্দাম মিয়া মারা যান। খাইরুল আলমসহ বাসের দুই যাত্রী আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও রাজৈর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে খাইরুল আলমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল কিছু সময় বন্ধ থাকে। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।