যশোরে প্রথম দিন জমেনি চামড়ার হাট
খুলনা বিভাগের জেলাগুলোসহ পাশের কয়েকটি জেলার বড় চামড়া ব্যবসায়ীদের হাট বসে যশোরের রাজারহাটে; যা এবার প্রথম দিন জমেনি।
মঙ্গলবার সকালে এই হাটে চামড়া নিয়ে আসেন যশোর, নড়াইল, সাতক্ষীরা ও মাগুরার বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা।
যশোরের অভয়নগর থেকে আসা বাসুদেব বিশ্বাস বলেন, “এবার ৫০০ গরুর চামড়া কিনেছি। হাটে ২০০টি গরুর আর ১০০টি ছাগলের চামড়া এনেছি। গরুর চামড়া ৭০০ টাকা দরে আর ছাগলের চামড়া ২০-২৫ টাকা দরে বিক্রি করেছি।
“এই দামে বেচলে গড়ে প্রায় ৫০ হাজার টাকা লোকসান হবে আমার। আগামী শনিবারের হাটে দাম না পেলে আর্থিকভাবে পঙ্গু হয়ে যাব।”
৫০০টি গরুর চামড়া নিয়ে এসেছে জানিয়ে নড়াইলের কালিয়া উপজেলার কালিনগর গ্রামের ব্যবসায়ী হরেন্দ্রনাথ বলেন, প্রতিটি চামড়া কিনেছেন ৪০০ থেকে ৭০০ টাকা দরে। লবণ, শ্রমিক খরচ ও পরিবহন বাবদ প্রতিটি চামড়ায় আরও ২০০ টাকা করে খরচ হয়েছে।
“হাটে বড় চামড়া বিক্রি করেছি ৯০০ টাকা আর ছোটগুলো ৪০০ টাকা দরে। এর মধ্যে ২০টি চামড়া বিক্রি হয়নি। গড়ে চামড়া বিক্রি হয়েছে সাড়ে ২২ টাকা ফুট দরে। অর্থাৎ সরকার নির্ধারিত দামের অর্ধেক পেয়েছি।”
আরেক চামড়া ব্যবসায়ী ফুলচান দাস বললেন একই অভিজ্ঞতার কথা।
তবে আগামী শনিবারের হাট বড় হবে এবং দাম বাড়বে বলে আশাবাদী বৃহত্তর যশোর চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুকুল।
তিনি বলেন, “মঙ্গলবারের হাটে হাজার তিনেক চামড়া উঠেছে। তবে আগামী শনিবারের হাটে কমপক্ষে ৫০ হাজার গরুর চামড়া আর ৫০ হাজার ছাগলের চামড়া উঠবে। দামও ভাল পাওয়া যাবে আশা করা যায়।”
