২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ‘যৌতুকের চাপে নবদম্পতির আত্মহত্যা’

নওগাঁর শিব নদে ডিঙি নৌকা থেকে এক নবদম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে; যারা বিষপানে আত্মহত্যা করেছেন বলে পুলিশের ভাষ্য।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2022, 11:15 PM

Updated : 02 Aug 2022, 02:00 PM

জেলার নিয়ামতপুর থানার ওসি হুমায়ূন কবীর জানান, ছয়-সাত মাস আগে তাদের বিয়ে হয়। পরিবার মেনে না নেওয়ার দ্বন্দ্বের জেরে তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

নিহরা হলেন জেলার মান্দা উপজেলার বিল সুরশুনিয়া গ্রামের আদম আলীর ছেলে রায়হান আলী (২৫) ও তার স্ত্রী পাশের শ্রীকলা গ্রামের ইস্কেন্দার আলীর মেয়ে তারাবানু (১৯)।

মঙ্গলবার দুপুরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

তারাবানুর বাবা ইস্কেন্দার আলী বলেন, সোমবার রাতে তাদের সঙ্গে খাবার খান তারাবানু। রাত সাড়ে ১০টা পর্যন্ত তারাবানু তার ঘরে ছিছেন। পরে কখন তিনি ঘর থেকে বের হন তা কেউ বুঝতে পারেনি।

“ছেলের পরিবার যৌতুকের জন্য বিভিন্নভাবে চাপাচাপি করত। এ নিয়ে সংসারে অশান্তি চলছিল। ক্ষোভের বসে তারা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে।”

ওসি হুমায়ূন বলেন, “তারাবানুর আগে একটা সংসার ছিল। পরে রায়হানের সঙ্গে তার সম্পর্ক হয়। ছয়-সাত মাস আগে তাদের বিয়ে হয়। তাদের বাবা-মা তাদের প্রতি মনঃক্ষুণ্ন ছিলেন।

“সোমবার রাতের কোনো একসময় তারা শিব নদে একটি ডিঙি নৌকায় উঠে কীটনাশক পান করেন। খবর পেয়ে দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ।”

বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তেরর জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি হুমায়ূন কবীর।