২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালথায় ‘২০০ বছরের পুরানো’ বাবুবাড়িতে অগ্নিসংযোগ

ফরিদপুরের সালথা উপজেলার ২০০ বছরের পুরনো একটি জমিদার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2022, 10:47 AM

Updated : 25 Oct 2022, 10:55 AM

সালথা থানার এসআই আওলাদ হোসেন জানান, সোমবার সকালে বাবুবাড়িতে এ ঘটনা ঘটে। পরে একটি লিখিত অভিযোগ করা হয়েছে থানায়।

স্থানীয়রা জানান, যতীন্দ্র নাথ সিংহ নামের এক জমিদার অন্তত ২০০ বছর আগে বাবুবাড়ি নির্মাণ করেন। পরে তার উত্তরসুরী বৈধনাথ বাবুবাড়িটির দখলে ছিলেন। তিনি ২০১৪ সালে মারা গেলে এ জমিদার বাড়িটি শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম আশ্রমকে দেখাশোনার জন্য দেওয়া হয়।

বাবুবাড়ির আশ্রমের দায়িত্বে থাকা সেবক শরণার্থী মহারাজ বলেন, “বাবুবাড়ির একটি ঘরে রাখা পাটখড়ির গাঁদিতে দুর্বৃত্তরা আগুন দিলে তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

“পরে এ ঘটনায় আশ্রমের সভাপতি অনকূল চন্দ্র বিশ্বাস থানায় একটি লিখিত অভিযোগ করেন।”

তবে কারা আগুন দিয়েছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই আওলাদ।