মাগুরায় প্রতিপক্ষের বিরুদ্ধে হাতুড়িপেটার অভিযোগ
মাগুরায় আধিপত্য বিস্তারের বিরোধে সাবেক ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের লোকজনের সংঘর্ষে হাতুড়িপেটার অভিযোগ উঠেছে।
সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয় পরিষদের এই দুই পক্ষের মধ্যে সোমবার সকালে সংঘর্ষ হয় বলে সদর থানার ওসি নাসির উদ্দিন জানান।
সংঘর্ষে চারজন আহত হওয়ায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন সদর উপজেলার রামদের গাতি গ্রামের মো. ইমরান মৃধা (৩৬), একই এলাকার নাসির মৃধা (২৮), সিদ্দিক মোল্লা (৪০) ও মঞ্জুয়ারা বেগম (৬৫)।
চিকিৎসাধীন ইমরান অভিযোগ করেন, “পূর্বশত্রুতার জেরে বর্তমান চেয়ারম্যান এনামুল কবীর রাজার লোকজন আমার ওপর হামলা চালায়। তারা আমার সারা শরীরে আঘাত করে তারা। মাথায় ও পায়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। হাতুড়িপেটায় আমার ডান পা ভেঙে গেছে।
“এলাকায় সামাজিক ও রাজনৈতিক বিরোধের সূত্র ধরে একাধিকবার আবার ওপর হামলা হয়। তাছাড়া তারা আমার বাড়িঘর ভাঙচুরসহ টাকা, টিভি, ফ্রিজ নিয়ে গেছে। আমার পক্ষের মোট সাতটি বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে তারা।”
তবে চেয়াম্যান এনামুলক অভিযোগের অস্বীকার করেছেন।
চেয়ারম্যান বলেন, “ইমরান মৃধাকে কারা হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে, বাড়িঘরে হামলা চালিয়েছে, তা আমি জানি না।”
ইমরান ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দাকার মহমত আলীর সমর্থক বলে ইমরান স্বীকার করেন।
ওসি উদ্দিন বলেন, “এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তার জেরে সাবেক চেয়ারম্যান খন্দাকার রহমত আলীর সমর্থক ও বতর্মান চেয়ারম্যান এনামুল কবীর রাজার লোকজনের সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুর হয়। এতে একাধিক ব্যক্তি আহত হন।”
তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি।
অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ওসি বলেন, পরবর্তী সংহিসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
