পাড়ে পড়ে ছিল মোবাইল-জুতা, পুকুরে মিলল লাশ
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় পুকুর থেকে এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের বানিয়াপায়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান।
নিহত আল আমিন (২২) বানিয়াপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ঈদের দিন রাতে আল আমিন খাবার শেষে বাড়ি থেকে বের হয়। পরে তিনি ঢাকা থেকে আসা তার স্কুলের সহপাঠী শিমুল ও নিজাম উদ্দিনের সঙ্গে আড্ডা দেন। রাত ২টায় যে যার বাড়ি চলে যায়।
সোমবার সকালে পরিবারের লোকজন দেখতে পান, আল আমিনের থাকার ঘরের দরজা-জানালা খোলা। তখন আল আমিনের ছোট ভাই জানায়, তিনি রাতে বাড়ি ফিরেননি।
তারপরই আল আমিনের খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে মাদরাসার পুকুর পাড়ে মোবাইল ও জুতা পড়ে থাকতে দেখে সবার সন্দেহ হয়। পরে পুকুরে জাল ফেলে তার মরদেহ পাওয়া যায়।
পরিদর্শক এনামুল হক জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
“এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আল আমিনের সহপাঠী শিমুল ও নিজামকে থানায় আনা হয়েছে।”
