মানিকগঞ্জে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত
মানিকগঞ্জের শিবালয় ও ঘিওর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন; আহত হয়েছেন দুই আরোহী।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে শিবালয় উপজেলার আড়পাড়া এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল আমিন নিহত হন।
৪৫ বছর বয়সী আল আমিন মানিকগঞ্জ সদর উপজেলার চরগেন্দা গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
এ ঘটনায় আহত হন মোটরসাইকেলের আরোহী তাওহিদুল ইসলাম। তাকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
অপরদিকে ঘিওর থানার এসআই রাসেল খান জানান, সোমবার বেলা ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের চালক জুবায়ের আহমেদ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে ।
জুবায়ের ঢাকার ধামরাই উপজেলার টুপের বাড়ি এলাকার।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে তার বন্ধু মোটরসাইকেলের আরোহী তুষার। তাকে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
