আগরতলায় সার্ভারে ত্রুটি, আখাউড়া থেকে ফিরে গেলেন ৩০ যাত্রী
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের ইমিগ্রেশন সার্ভারে ত্রুটি দেখা দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অন্তত ৩০ জন যাত্রী ভারতে ঢুকতে পারেনি।
রোববার দুপুরে এই ত্রুটি দেখা দিলে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষকে যাত্রী পাঠানো বন্ধ রাখার অনুরোধ করে আগরতলা কর্তৃপক্ষ।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ এএসআই মোরশেদুল হক জানান, বেলা দেড়টার দিকে আগরতলার ইমিগ্রেশন সার্ভারে ত্রুটি দেখা দেয়। এ সময়ে যেসব যাত্রী আখাউড়ায় ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে ভারতে প্রবেশ করেন, তাদেরকে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয়। সন্ধ্যা পর্যন্ত সার্ভারের ত্রুটি দূর করা যায়নি।
“যাদের জরুরি ফ্লাইট ছিল আগরতলা বিমানবন্দর থেকে তাদের বিশেষ অনুরোধে ভারতে ঢুকতে দেয় আগরতলা কর্তৃপক্ষ। এর বাইরে ভারত ও বাংলাদেশি অন্তত ৩০ জন যাত্রী ভারতে ঢুকতে না পেরে আখাউড় চেকপোস্ট থেকে ফিরে যান।”
কতক্ষণে সার্ভার ত্রুটিমুক্ত হবে সে বিষয়ে কিছু বলতে পারেননি এএসআই মোরশেদুল হক।
