‘মাংসের দাম বেশি, রাত পর্যন্ত দেখব, দাম কমলে কিনব’
বগুড়ায় কোরবানির গরুর মাংস এবার গত বছরের চেয়ে ‘দেড় গুণ বেশি’ দামে বিক্রি হচ্ছে।
ক্রেতা-বিক্রেতারা বলছেন, গত বছর যেখানে কমবেশি ৪০০ টাকা কেজি দরে কেনাবেচা হয়েছে, এবার সেই দাম উঠেছে ৬০০ থেকে সাড়ে ৬০০ টাকায়।
জেলায় কোরবানির মাংস কেনাবেচার প্রধান কেন্দ্র বগুড়া রেলস্টেশন ও জিরো পয়েন্ট। দান পাওয়া কোরবানির মাংস এখানে এনে বিক্রি করেন অনেকে।
স্টেশন এলাকায় মাংস কিনতে এসেছেন রোকেয়া বেগম নামে এক নারী। বগুড়ার গাবতলী উপজেলার বাঘবাড়ি এলাকার নির্মাণ শ্রমিক তিনি।
রোকেয়া বলেন, “গত বছর ৮০০ টাকায় দুই কেজি মাংস কিনেছিলাম। এবার দাম বেশি। প্রতি কেজির দাম উঠেছে ৬০০ থেকে সাড়ে ৬০০ টাকা। রাত পর্যন্ত অপেক্ষা করব। দাম কমলে কিনব।”
বিভিন্ন এলাকায় দ্বারে দ্বারে ঘুরে দানের মাংস সংগ্রহ করেন এখানকার বিক্রেতারা। যারা কোরবানি দিতে পারেন না তারা এই মাংস কেনেন। তাছাড়া অনেক রেস্তোরাঁ মালিক কিনে ফ্রিজে রেখে দেন।
ঈদের দুপুর থেকে বাজারে শত শত ক্রেতা-বিক্রেতা ভিড় করেন। বাজার চলে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত। কেউ এক কেজি, কেউবা দুই-তিন কেজি করে মাংস কেনেন।
এক নারী নিজেকে কুলসুম বেওয়া নামে পরিচয় দিয়ে বলেন, তিনি প্রতিবছর ট্রেনে করে গাইবান্ধার সাঘাটা থেকে বগুড়া আসেন ঈদের আগের রাতে। রাতে স্টেশনে থাকেন। পরদিন সকালে নামাজ শেষে মাংস কুড়াতে যান এক বাড়ি থেকে আরেক বাড়ি।
“প্রায় এক যুগ ধরে এভাবে কোরবানির মাংস কুড়াই।”
তাছাড়া আরও অনেক এলাকা থেকে অনেকে আসেন।
‘কম দামে’ পাওয়া যায় বলে ক্রেতারা এখানে ভিড় জমান। কিন্তু ‘কমের’ সেই সুযোগ এবার আর পাচ্ছেন না ক্রেতারা।
বগুড়া শহরের পাইকাড়পাড়ার বাসিন্দা সালাউদ্দিন বলেন, তিনি অটোরিকশা চালান। ঈদে পরিচিতজন ছাড়াও বিভিন্ন বাসা থেকে মাংস সংগ্রহ করেন।
“কিছু খাওয়ার জন্য রাখি। কিছু বিক্রি করি। আজ দুই কেজি মাংস ১২০০ টাকায় বিক্রি করলাম।”
বগুড়া শহরতলির চারমাথা এলাকায় একটি রেস্তোরাঁ চালান আব্দুস সামাদ।
সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিবছর এসব বাজার থেকে কম দামে মাংস কিনে ফ্রিজে রেখে দেই। ঈদের সাত দিন পর থেকে রেস্তোরাঁয় বিক্রি করি।
“অন্য বছর এখানে কম দামে পাওয়া যায়। এবার দাম বেশি।”
