২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চামড়া পাচার ঠেকাতে সীমান্তে সতর্কতা

কোরবানির পশুর চামড়া পাচারের আশঙ্কায় যশোরের সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2022, 06:08 PM

Updated : 25 Oct 2022, 10:54 AM

শার্শা উপজেলার ১০২ কিলোমিটার সীমান্তের শিকারপুর, কাশিপুর, রঘুনাথপুর, বেনাপোলের পুটখালি, দৌলতপুর, সাদিপুর, ঘিবা, গোগা, রুদ্রপুর, অগ্রভুলোট, পাঁচভুলোট, দাদখালি এলাকায় বিজিবির পাশাপাশি র‌্যাব-পুলিশ টহল দিচ্ছে।  

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট ক‌র্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, “যশোরের সীমান্ত দিয়ে চামড়া পাচারের সম্ভবনা খুবই কম। তারপরও আমরা সতর্ক আছি। সীমান্তের সব বিওপি ক্যাম্পগুলোকে সর্তক থাকতে বলা হয়েছে। ঈদের দিন বিকাল থেকে অতিরিক্ত টহলের ব্যবস্থা করা হয়েছে।”

স্থলভাগের পাশাপাশি নদীতে টহলের ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

শার্শা উপজেলার বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক কাজী মোহাম্মদ সহিদুল ইসলাম বলেন, সীমান্তে বিজিবি ও র‌্যাবের সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি সীমান্ত অভিমুখে চামড়া বোঝাই যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সীমান্তবর্তী পুলিশ ফাঁড়িগুলোকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকার পর দেশে পশুর চামড়ার সবচেয়ে বড় মোকাম যশোরের রাজারহাট। সেখানে দুই শতাধিক আড়তে ২১ জেলার ব্যবসায়ীরা চামড়া কেনাবেচা করছেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ মোকামের ওপর নির্ভরশীল প্রায় ১০ হাজার মানুষ।

এবার কোরবানির পশুর সংখ্যা তুলনামুলক কম অথচ চামড়ার কম দাম নির্ধারণ, লবণের দাম বৃদ্ধি, ট্যানারি মালিকদের কাছে পাওনা টাকা অনাদায়ী থাকা আর বকেয়া পরিশোধে টালবাহানার কারণে চামড়া ব্যাপকহারে ভারতে পাচারের আশঙ্কার কথা জানালেন ব্যবসায়ীরা।

বেনাপোলের চামড়া ব্যবসায়ী মনির হোসেন বলেন, “সরকার চামড়া কেনার জন্য ট্যানারি মালিকদের ঋণ দিলেও সেই অর্থের পুরোটা তারা ব্যয় করেন না। এ ছাড়া স্থানীয় চামড়া ব্যবসায়ীরা ঋণ পান না। কোরবানির সময় তাদের হাতে টাকা থাকে না।”

“ফলে ‘সিন্ডিকেট করে’ চামড়ার দাম কমিয়ে দেওয়া হয়। তখন বেশি দামের আশায় অসাধু ব্যবসায়ীরা বেছে নেন সীমান্তের চোরাই পথ।”

একই আশঙ্কা জানালেন বাগআচড়ার ব্যবসায়ী ইদ্রিস আলি সাহাজী, জামতলার নজরুল ইসলাম শাহাজী ও নাভারনের ইয়াকুব আলীও।

বাগআচড়ার চামড়া ব্যবসায়ী শেখ সহিদুল ইসলাম বলেন, “পেশাদার চামড়া ব্যবসায়ীদের পুঁজি সঙ্কটের সুযোগ নেয় চোরাকারবারীরা। পাড়ায় পাড়ায় গিয়ে তারা বাজার দরের চেয়ে বেশি দামে চামড়া সংগ্রহ করে। পরে সুযোগ বুঝে পাচারকারীদের কাছে সেই চামড়া তুলে দেয়।”

উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভায় স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের নির্দেশে চামড়া পাচাররোধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।