দিনাজপুরে ‘চুরি করতে গিয়ে দেয়ালচাপায়’ একজনের মৃত্যু
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দোকানে ‘সিঁধ কেটে চুরি করতে গিয়ে দেয়ালচাপায়’ এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
উপজেলায় ডাঙারহাট বাজারে একটি মুদিদোকানে দেয়ালচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় বলে চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জামান।
নিহত মতিয়ার রহমান (২০) উপজেলায় ডাঙারহাট এলাকার আলিম উদ্দিনের ছেলে।
ওসি বলেন, পুলিশ আলামত দেখে ধারণা করছে শুক্রবার রাতে মতিয়ার বাজারের ওই দোকানে চুরি করতে যান। দোকানের পাকা দেয়ালে সিঁধ কাটেন মতিয়ার। একপর্যায়ে দেয়াল ভেঙে পড়লে তার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়। শনিবার সকালে দেয়ালচাপা অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পুলিশ ঘটনা খতিয়ে দেখছে বলে জানান ওসি রশিদ জামান।
