২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে চালককে মারধর, এক ঘণ্টা ট্রেন বন্ধ

গাজীপুরে চাঁপাই এক্সপ্রেসের ইঞ্জিন রুমে যাত্রী তুলতে বাধা দেওয়ায় ‘চালককে মারধর করেছেন কয়েকজন আনসার সদস্য’।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2022, 09:20 PM

Updated : 14 Jul 2022, 06:59 PM

এর প্রতিবাদে শনিবার বিকেলে এক ঘণ্টা ট্রেন বন্ধ রেখে চালকরা প্রতিবাদ করেন। পরে প্রশাসনের লোকজন তিন আনসার সদস্যকে প্রত্যাহার করে বিচারের আশ্বাস দেন বলে জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. রেজাউল ইসলাম জানান।

বিচারের আশ্বাস পেয়ে চালকরা প্রায় এক ঘণ্টা থেমে থাকার পর চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হন।

আনসার ও ভিডিপির গাজীপুর সার্কেলের অ্যাডজুট্যান্ট গণেশ যাদব বলেন, শনিবার বিকাল পৌনে ৪টার দিকে চাঁপাই এক্সপ্রেস জয়দেবপুর স্টেশনে থামে। তখন কয়েকজন আনসার সদস্য ট্রেনের ইঞ্জিনে যাত্রী তুলতে চান। ট্রেনের চালকরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।

“একপর্যায়ে চালকের ওপর হামলাও হয় বলে শুনেছি। খবর পেয়ে জংশনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা, চালক ও আনসার সদস্যদের সঙ্গে বিষয়টি সুরাহ করা হয়। পরে সেখান থেকে আনসার সদস্য মো. নজরুল ইসলাম, নাজমুল হোসেন ও সৌরভ চৌধুরীকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করি। চালকের ওপর হামলার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আনসার সদস্যরা যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে অন্যায়ভাবে ট্রেনের ইঞ্জিন রুমে যাত্রী ওঠাতে চেষ্টা করেন বলে এর চালক আক্তারুজ্জামান মামুনের অভিযোগ।

আক্তারুজ্জামান সাংবাদিকদের বলেন, “ইঞ্জিনের মধ্যে যাত্রী না ওঠানোর জন্য আনসার সদস্যদের অনুরোধ করলে তারা আমার সঙ্গে খারাপ আচরণ করেন। একপর্যায়ে আমাকে গালাগাল ও মারধর করা হয়। এর বিচারের জন্য প্রায় এক ঘণ্টা ট্রেন চালানো থেকে বিরত থাকি।”

পরে বিচারের আশ্বাস পেয়ে বিকাল ৫টার দিকে ট্রেন নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা হন চালকরা।