উত্তরের পথে যানজটে ভোগান্তিতে ঘরমুখো মানুষ
ঈদযাত্রার শেষ দিনেও রাজধানী থেকে উত্তরের পথে যাত্রীদের ভোগান্তির মধ্যে বাড়ি যেতে হচ্ছে।
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধুসেতু মহাসড়ক এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিম অংশ হয়ে সিরাজগঞ্জ থেকে উত্তবঙ্গের পথে শুক্রবার রাত থেকে যানবাহন চলছে ধীরে। কোথাও কোথাও থেমে থেমে যানজট হচ্ছে।
আবার কোনো কোনো স্থানে বিকল্প পথে যাওয়ায় যানবাহনগুলো জটের সৃষ্টি করছে।
শুক্রবার রাত থেকে শনিবার দুপুরের মধ্যে এই যান চলচলের চিত্র তুলে ধরেছেন টাঙ্গাইল ও সিরাজগঞ্জ প্রতিনিধি।
টাঙ্গাইল
শুক্রবার রাত থেকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধুসেতু মহাসড়ক ধরে ভোগান্তির মধ্যে বাড়ি ফিরছেন উত্তরের ঘরমুখো মানুষ।
শুক্রবার গভীর রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত এই মহাসড়কে যানবাহনের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় টাঙ্গাইলের সীমানায় যানজটের সৃষ্টি হয়। কখনও আবার আটকে থাকা যান চলেছে থেমে থেমে। এক ঘণ্টার রাস্তা যেতে কখনও তিন থেকে চার ঘণ্টাও সময় লাগছে।
এতে ফলে যানবাহনের চালক ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, যাত্রীদের দুর্ভোগের কথা মাথায় রেখে বিশেষ বিবেচনায় এবার ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।
যানজটে আটকে থাকা কয়েকজন যাত্রী ও চালকের সঙ্গে কথা হয়।
সাথী আকতার যাচ্ছিলেন আব্দুল্লাহপুর থেকে সিরাজগঞ্জ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকজন স্বজনসহ শুক্রবার রাতে ৮টায় তিনি সিরাজগঞ্জ রওয়ানা দেন। শনিবার দুপুরে ১২টায় তারা পৌঁছেছেন বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় এলাকায়।
আরেক যাত্রী সুজন বাইপাইল থেকে শুক্রবার রাতে রওয়ানা দেন দিনাজপুরের উদ্দেশে। শনিবার বেলা ১১টা ১০ মিনিটে তারা পৌঁছেন বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সন্ধ্যা ৬টায় তিনি ঢাকা থেকে রওয়ানা দেন। দুপুরে টাঙ্গাইলের রসুলপুর পেঁছেন।
প্রচণ্ড গরম ও ধুলাবালির মধ্যে যাত্রী ও চালক-সহকারীদের চরম ভোগান্তি পোহাতে হয় বলে তারা জানান।
সিরাজগঞ্জ
আগের দিনের তুলনায় উত্তবঙ্গগামী যানবাহন বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জে মহাসড়কে নানা স্থানে যানজট লেগে যায়। এছাড়া শহরের মধ্যদিয়ে চলা আঞ্চলিক সড়কেও দেখা দিয়েছে নানা ভোগান্তি।
এদিকে, মহাসড়কের যানবাহনগুলো ঘুরপথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়ি থেকে সিরাজগঞ্জ শহরের মধ্যদিয়ে রায়গঞ্জের চান্দাইকোনা হয়ে উত্তরাঞ্চলের পথে চলাচল করছে।
এ কারণে শহরের কাটাওয়াবদা, বাজার স্টেশন, বাস টার্মিনাল ও কাঠেরপুল এলাকায় মাঝে মধ্যেই দেখা দিচ্ছে যানজট।
হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ওসি লুৎফর রহমান জানান, মহাসড়কে যদি যানবাহন বিকল হয় বা দুর্ঘটনা ঘটে তখন দেখা দেয় বিপত্তি। রেকার দিয়ে বিকল হওয়া গাড়ি সরিয়ে নিতে যে সময় ব্যয় হয় ততক্ষণে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে যায়। এছাড়া চালকদের লেন না মানার প্রবণতাও ভোগান্তি বাড়িয়ে দেয়।
সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক সালেকুজ্জামানা সালেক জানান, সড়ক ও মহাসড়কে ৬ শতাধিক পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থার সদস্যরাও পালাক্রমে রাতদিন দায়িত্ব পালন করছেন।
