২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অটোরিকশা দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাস ও আটোরিকশার সংঘর্ষে তিনজনের প্রাণ গেছে; যাদের মধ্যে দুইজন বাবা মেয়ে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2022, 12:41 PM

Updated : 14 Jul 2022, 07:00 PM

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার কাপাসিয়া থানাধীন চেওরাইট এলাকায় ইলুর মোড়ের রাজেন্দ্রপুর-টোক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম জানান।

মৃতরা হলেন-কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার  মতি মিয়ার ছেলে সেলিম মিয়া (৪৫), তার মেয়ে সাদিয়া (১১) ও কিশোরগঞ্জের কটিয়াদি থানার ভাট্টা গ্রামের  নুরজাহান (৩২)।

আহতরা হলেন- নুরজাহানের স্বামী রুবেল মিয়া (৩২) ও নিহত সেলিম মিয়ার স্ত্রী রেহেনা (২৮)।

ওসি বলেন, “কিশোরগঞ্জগামী একটি অটোরিকশাটিকে ঢাকামুখী একটি বাস চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা চার যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।” 

অটোরিকশার যাত্রী রুবেল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাজীপুর চৌরাস্তা থেকে অটোরিকশায় করে কিশোরগঞ্জে যাচ্ছিলাম। অটোরিকশায় চালকসহ মোট আটজন ছিলেন। টোক এলাকায় মোড় ঘুরতে গিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এ সময় সামনে থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস আমাদের টেনে হিঁচড়ে ১৫-২০ ফিট দূরে নিয়ে যায়।”

শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালের পরিচালক তপন কান্তি সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত এক শিশু ও এক নারীকে এবং আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়। পরে আহতদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায়  মারা যান।

আহত আরেকজনকে ভর্তি করা হয়েছে; তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।