২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটুরিয়ায় যাত্রীর চাপ নেই, মুখ ভার দোকানিদের

ঈদযাত্রার চাপ কমেছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। ভোগান্তি ছাড়া যাত্রী ও যান পারাপার হলেও বিক্রি কমে যাওয়ায় মুখ ভার ঘাট এলাকার দোকানিদের।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2022, 11:35 AM

Updated : 14 Jul 2022, 07:00 PM

শনিবার ভোর থেকে ঘাট প্রায় ফাঁকা বলে বিডিনিউজ টোয়েন্টি ফোরকে জানালেন বিআইডব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আব্দুস সালাম।

পাটুরিয়া পুলিশ কন্ট্রোল রুম এলাকার শরীফ হোটেলের মালিক শরীফুল ইসলাম বলেন, “লোকাল বাসে কিছু যাত্রী আসছে, লঞ্চে আর ফেরিতে পারাপার হচ্ছে।

“আজ ঘাটে যাত্রীর চাপ নেই, আমাগো বিক্রিও অনেক কম হচ্ছে।”

চা দোকানি সাইদুল বলেন, “ভোর থেকে ঘাট ফাঁকা। আমগো বিক্রি খুবই কম হচ্ছে।”

বিআইডব্লিউটিসির কর্মকর্তা আব্দুস সালাম বলেন, “মহাসড়কে যানজট থাকায় আর একসঙ্গে বড় গাড়ির চাপ বাড়ার কারণে শুক্রবার সকাল থেকে ঘাটে চাপ পরেছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

“শনিবার ভোর থেকে যাত্রী আর যানবাহনের একদম চাপ নেই। যাত্রী উঠলে আর গাড়ি আসলেই ফেরি ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। ২০টি ফেরি দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে।”

একদিকে পাটুরিয়া লঞ্চ ঘাটেও যাত্রী চাপ নেই বলে ঘাটের পরিচালক পান্না লাল জানান।

তিনি বলেন,“ গত দুইদিন ভালো যাত্রী ছিল। লঞ্চে অনেক যাত্রী পার হয়েছে। শনিবার ভোর থেকে যাত্রীর চাপ নেই। এখন ২১টি লঞ্চ দিয়ে পারাপার করা হচ্ছে।”