টাঙ্গাইলে বাসের ধাক্কায় ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশা আরোহী দুই ভাইসহ চারজনের প্রাণ গেছে।
ধনবাড়ী থানার ওসি মো. চান মিয়া জানান, বানিয়াজান বাসস্ট্যান্ডের সামনে জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- জামালপুর জেলা সদরের তুলসীপুর গ্রামের প্রাণকৃষ্ণ কর্মকারের ছেলে অটোরিকশা চালক বাবুল কর্মকার (৫০), রামনগর গ্রামের শহিদ মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম (২২) তার ছোট ভাই মৃদুল হাসান (১৫) ও একই গ্রামের বজলুল মিয়ার ছেলে হাসান মিয়া (১৯)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, “শেরপুর থেকে ছেড়ে আসা এস কে জননী পরিবহনের বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী একটি অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
“এ সময় ঘটনাস্থলেই বাবুল ও সাইফুলের মৃত্যু হয়। পরে গুরুতর অবস্থায় মৃদল ও হাসানকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।”
দুর্ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ওসি বলেন, স্বজনদের কোন অভিযোগ না থাকায় চারজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
