২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর মামলার আসামি আক্কেলপুর থানার ওসি প্রত্যাহার

স্ত্রীর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল না হওয়া বিষয়ে সংবাদ প্রকাশের পর জয়পুরহাটের আক্কেলপুর থানার ওসিকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 06:11 PM

Updated : 02 Aug 2022, 01:59 PM

জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞা জানান, মিডিয়ায় সংবাদ প্রকাশের পর ছাইদুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বৃহস্পতিবার পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

“মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে বিস্তারিত জেনে তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”  

স্ত্রীর করা নারী নির্যাতনের মামলায় সিরাজগঞ্জের একটি আদালত ছাইদুর রহমানরে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে চলতি বছরের ৯ জানুয়ারি। কিন্তু ছয় মাসেও তাকে গ্রেপ্তার করা হয়নি। 
‘আক্কেলপুর থানার ওসি পরোয়ানার ৬ মাসেও গ্রেপ্তার হননি’ শিরোনামে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সংবাদ প্রকাশ হয়।  

তবে ওইদিনই (বুধবার) আদালতে হাজির হয়ে তিনি এ মামলায় জামিন নেন বলে সিরাজগঞ্জের তাড়াশ থানা পুলিশ জানিয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৭ সালে তাড়াশ সদরের দিঘী সগুনা গ্রামের মৃত কোরবান আলীর ছেলে ছাইদুর রহমান একই উপজেলা থেকে বিয়ে করেন।

তাদের ২৫ বছরের সংসারে চার সন্তানের জন্ম হলেও বর্তমানে বেঁচে আছে শুধু এক মেয়ে; যার বয়স ১৭ বছর।

আক্কেলপুর থানার ওসি পরোয়ানার ৬ মাসেও গ্রেপ্তার হননি  

মামলার বাদী (৪১) অভিযোগ করেন, বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে তার উপর নির্যাতন শুরু করেন আসামিরা। এ নিয়ে পারিবারিকভাবে অনেক দেন দরবারও হয়েছে। তবুও বিষয়টির সমাধা না হওয়ায় ২০১৯ সালের ১২ জুন সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ -এ ওসির (স্বামী) বিরুদ্ধে তিনি মামলা করেন। মামলায় স্বামীর দুই ভাইকেও আসামি কার হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলা করার পর তাদের মধ্যে একটি পারিবারিক আপসরফা হয়। পরে আসামিদের অনুরোধে শান্তিপূর্ণ ঘর সংসার করার শর্তে বাদী মামলাটি প্রত্যাহার করেন।

বাদী অভিযোগ করেন, এই মামলা প্রত্যাহারের পর তার উপর আবার নির্যাতন শুরু হয়। এ অবস্থায় ২০২১ সালের ৮ জানুয়ারি একই আদালতে আবার মামলা করেন তিনি। আদালত চলতি বছরের ৯ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং তাড়াশ থানার ওসিকে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেয়।

“কিন্তু আদালতের এ নির্দেশনা ৬ মাসেও বাস্তবায়িত হয়নি।”

এ বিষয়ে সিরাজগঞ্জের তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, বুধবার রাতে আক্কেলপুর থানার ওসি ছাইদুর রহমান সশরীরে থানায় এসে আদালত থেকে নেওয়া জামিননামার আদেশের একটি কপি জমা দিয়েছেন। ওই দিন আদালত থেকে তিনি জামিন নেন বলে ওই কপিতে উল্লেখ রয়েছে।