২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক্সপ্রেসওয়ের মাওয়া অংশে যানবাহনের দীর্ঘ সারি

ঈদে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাওয়া অংশে দক্ষিণাঞ্চলের জেলাগুলো অভিমুখী যানবাহনের দীর্ঘ সারি হওয়ায় ধীরগতিতে সেতু অতিক্রম করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 05:24 PM

Updated : 25 Oct 2022, 10:54 AM

শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোলপ্লাজার থেকে ৪ কিলোমিটার যানবাহনের সারি দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে ব্যক্তিগত যানবাহন ও গণপরিবহনে পদ্মা সেতু পাড়ি দিতে মুন্সীগঞ্জের মাওয়া টোলপ্লাজায় ভিড় জমায় হাজারো যানবাহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যাও বাড়তে থাকে।

ফলে মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানার মোড় থেকে শ্রীনগর উপজেলার কেয়টচিরা পর্যন্ত চার কিলোমিটার এলাকায় গাড়ির দীর্ঘ সারি হয়।

পদ্মা সেতুর টোল প্লাজার কাছে গাড়ির জটলা রয়েছে। এক্সপ্রেসওয়েতে যানবাহন আটকে রাখা হচ্ছে। ধাপে ধাপে সেতুর টোল প্লাজার গাড়ির লাইন ছাড়ছে পুলিশ।

তবে যানবাহনের গতি ধীর হলেও কোথাও একেবারে থেমে থাকছে না। গাড়ির মধ্যে বেশিরভাগ ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, পিকআপ ও ট্রাক।

এক্সপ্রেসওয়েতে বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট রয়েছে। মোটরসাইকেল আটকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে পদ্মা সেতুর ওপরে যানবাহন স্বাভাবিকভাবে পার হচ্ছে।

মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সোহেল হাসান বলেন, মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের অত্যধিক চাপ আছে। এজন্য ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। যে কারণে ধীরগতি দেখা দিয়েছে।

তবে যাত্রীদের বেশিক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না এবং টোল প্লাজায় যানবাহনের বেশি চাপ থাকার কারণে তাদের হিমশিম খেতে হচ্ছে বলে সোহেল জানান।