ঈদে বাড়ি ফেরা হলো না দুই চাচাতো ভাইয়ের
পরিবারের সান্নিধ্যে ঈদ কাটাতে মোটরসাইকেলে ঢাকা থেকে নাটোরে রওয়ানা হয়েছিলেন দুই ভাই। কিন্তু বাড়ি যাওয়া হলো না । পথে টাঙ্গাইলের মির্জাপুরে দুর্ঘটনায় মারা যান তারা।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে গোড়াই হাইওয়ে থানার এসআই বেল্লাল হোসেন জানান।
নিহতরা হলেন নাটোরের লালপুর উপজেলার কেশববাড়ি গ্রামের আরিফুল ইসলাম (৩৬) ও হাফিজুর রহমান (৩৫)। আরিফুল ইসলাম এরিস্টোফার্মা লিমিটেড এবং হাফিজুর রহমান প্রাণ আরএফএল গ্রুপে চাকরি করতেন।
এসআই বেল্লাল হোসেন জানান, শুক্রবার সকালে ঈদের ছুটিতে দুই চাচাতো ভাই মোটরসাইকেলযোগে ঢাকা থেকে নাটোরের উদ্দেশে রওনা হন।
“সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের জামুর্কী এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে সামনে থাকা একই অভিমুখী একটি ট্রাকের পেছনে ঢুকে পড়ে। এতে মোটরসাইকেলের চালক হাফিজুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।”
আহত অবস্থায় আরিফুলকে উদ্ধার করে জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকেও মৃত ঘোষণা করেন।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে বলে জানান এসআই বেল্লাল হোসেন।
