‘ঈদের আগে এমন ফাঁকা ফেরিঘাট জীবনে দেখি নাই’
“এই প্রথম কোনো প্রকার ভোগান্তি ছাড়া ফেরি পার হয়ে গন্তব্যে যাচ্ছি। ঈদের আগে এরকম ফাঁকা ফেরিঘাট আমার জীবনে দেখি নাই।”
ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী এসডি পরিবহনের যাত্রী কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কথাগুলো বলছিলেন।
গাজীপুর থেকে প্রচণ্ড যানজটে দীর্ঘ সময় পর তিনি পাটুরিয়া এলেও ফেরিতে উঠতে কোনো কষ্ট হয়নি।
তবে পাটুরিয়া ফেরিঘাটে সকাল থেকে যানবাহনের দীর্ঘ সারি থাকলেও সকাল ১০টার পর ঘাট একেবারে ফাঁকা হয়ে যায়।
পদ্মা সেতু চালু হওয়ার পর প্রথম ঈদে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে এবার দেখা গেছে একেবারে যানজটহীন চিত্র। যাত্রীরা নির্বিঘ্নে ফেরিতে উঠতে পারছেন। পদ্মা পাড়ি দিয়ে ছুটছেন বাড়ির উদ্দেশে।
ঈদের আগে ফেরি ঘাটের এমন চিত্র কখনও দেখেননি বলে যাত্রীদের ভাষ্য।
ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকা ছাড়ছে হাজার হাজার মানুষ। সকাল থেকে দৌলতদিয়া ঘাট এলাকা একেবারেই ফাঁকা দেখা গেছে।
বিআইডব্লিউটি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, কোনো যানবাহন ফেরি পারের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে নেই। ফলে কোনো ভোগান্তি ছাড়াই যানবাহনগুলো ফেরিতে উঠে গন্তব্যে চলে যাচ্ছে।
সরেজমিনে শুক্রবার দৌলতদিয়া ঘাটে দেখা যায়, সকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতেই ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ বেড়েছে।
গাজীপুর থেকে আসা কুষ্টিয়াগামী যাত্রী মো. হুমায়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাওনা থেকে গতরাত [বৃহস্পতিবার] ৯টার সময় বাসে উঠি। রাস্তায় জ্যাম থাকায় সেখান থেকে চন্দ্রামোড়ে এসেছি সারা রাত ধরে। চন্দ্রামোড় থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত ভাড়া নিয়েছে তিনশত টাকা। স্বাভাবিক সময়ে ঘাট পর্যন্ত ভাড়া দেড়শত টাকা।”
আরেক যাত্রী ইসলাম শেখ বলেন, “পথে জ্যাম থাকায় একটু ভোগান্তিতে পড়তে হয়েছে। ফেরিঘাটে এসে কোনো ভোগান্তি নেই। সরাসরি ফেরিতে উঠে দৌলতদিয়া ঘাটে এসে নেমেছি।”
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, এই রুটে ছোট-বড় মিলে ২০টি ফেরি চলাচল করছে। ফলে যেসব যানবাহন পদ্মা পাড়ি দিতে আসছে তারা ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠে গন্তব্যে চলে যাচ্ছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় বাস, পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত ছোট গাড়ি, মোটরসাইকেলসহ মোট সাড়ে নয় হাজার যানবাহন পারাপার হয়েছে।
